৭৬ ঘণ্টা পর নিখোঁজ সন্তানের লাশ মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

গাজীপুরের কাপাসিয়ায় ১৯ জুন দুপুরে বানার নদে দুই সন্তানকে নিয়ে ঝাঁপ দেন এক মা। ঘটনার কিছুক্ষণ পর স্থানীয় লোকজন এক শিশুকে জীবিত উদ্ধার করলেও ওই নারী ও তাঁর আরেক শিশু নিখোঁজ ছিলেন। গতকাল বুধবার রাতে নরসিংদীর পলাশ উপজেলার শীতলক্ষ্যা নদী থেকে ওই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

কাপাসিয়া থানার সিংহশ্রী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফজলুল হক প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। ফজলুল হক বলেন, গতকাল রাতে শীতলক্ষ্যা নদীতে এক শিশুর অর্ধগলিত মরদেহ পাওয়া গেছে বলে সেখানকার নৌ পুলিশ তাঁদের খবর দেয়। এর আগে সন্ধ্যা সাতটার দিকে স্থানীয় জেলেরা মরদেহটি নদীতে ভেসে থাকতে দেখেন। খবর পাওয়ার পর নদীতে ঝাঁপিয়ে পড়া ওই তিনজনের পরিবারের সদস্যদের সেখানে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে গতকাল দিবাগত রাত দুইটার দিকে স্বজনেরা সেখান গিয়ে ওই শিশুর পরিচয় নিশ্চিত করেন।

ওই শিশুর নাম মোছা. মুর্শিদা (৭)। সে নারায়ণগঞ্জের মাদানীগড় এলাকার আব্দুল মালেকের মেয়ে। ১৯ জুন দুপুরে কাপাসিয়ার সিংহশ্রী এলাকার বানার নদে আরিফা খাতুন (৪০) তাঁর দুই মেয়ে তাহমিনা আক্তার ও মুর্শিদাকে নিয়ে ঝাঁপিয়ে পড়েন। এ সময় তাঁদের পাশে বেশ কিছু বাঁশের চাঁই পানিতে ভাসছিল। তাহমিনা বাঁশের চাঁই ধরে চিৎকার করলে জেলেরা নৌকা নিয়ে সেখানে পৌঁছে তাকে উদ্ধার করে।

আরিফা খাতুন কাপাসিয়ার রায়েদ ইউনিয়নের বিবাদিয়া গ্রামে মোহাম্মদ আলীর মেয়ে ও নারায়ণগঞ্জের মাদানীগড় এলাকার আবদুল মালেকের স্ত্রী। কাপাসিয়া পুলিশ সূত্র জানায়, ঘটনার পর নিখোঁজ মা–মেয়ের সন্ধানে ঘটনাস্থলে তৎপরতা চালানো হয়। ঘটনার তিন দিন অতিবাহিত হওয়ার পরও নিখোঁজ দুজনের বিষয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। অবশেষে প্রায় ৭৬ ঘণ্টা পর ঘটনাস্থল থেকে ৩০ কিলোমিটার দূরে শিশুর লাশ পাওয়া গেছে। তবে আরিফা খাতুনের এখনো সন্ধান মেলেনি।

আরিফার ভাই এমারত হোসেন প্রথম আলোকে বলেন, বেশ কয়েক বছর ধরে তাঁর বোন মস্তিষ্কের সমস্যায় ভুগছিলেন। মাঝে কিছুদিন সুস্থ ছিলেন। কিন্তু তিন মাস ধরে আবার সমস্যা দেখা দেয়। তাঁর চিকিৎসা চলছিল। আরিফার আরেক ভাই মোজাম্মেল হক বলেন, গত শনিবারও আরিফার জন্য ওষুধ আনা হয়েছিল। তাঁদের ধারণা, আরিফা আত্মহত্যা করতে সন্তানদের নিয়ে পানিতে ঝাঁপ দেন।