৮ কোটি ২৫ লাখ টাকার গাঁজা ধ্বংস করল র‍্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটিতে ৮ কোটি ২৫ লাখ টাকার গাঁজা ধ্বংস করেছে র‌্যাব। আজ সোমবার কাউখালী থানার জেবাছড়ি এলাকায় এগুলো ধ্বংস করা হয়। গ্রেপ্তার করা হয় জ্যোতিমান চাকমা (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে। র‍্যাবের দাবি, সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় গাঁজাখেত ধ্বংস করেছে তারা।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, জেবাছড়ি এলাকায় খেত থেকে গাঁজা সংগ্রহ করে শুকিয়ে বাজারজাত করার জন্য সংরক্ষণ করা হচ্ছে।

এ সময় র‍্যাব অভিযান শুরু করলে কয়েকজন মাদক ব্যবসায়ী পালান। পরে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়। এরপর প্রায় পাঁচ একর জমিতে চাষ করা গাঁজাগাছ ধ্বংস করা হয়। ধ্বংস করা গাঁজার মূল্য আনুমানিক ৮ কোটি ২৫ লাখ টাকা। এ ঘটনায় কাউখালী থানায় মামলার প্রস্তুতি চলছে।

নুরুল আবছার আরও বলেন, এ বছরের ১৯ জানুয়ারি ও ৩০ মার্চ খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে র‍্যাব ২ হাজার ২৮৮ কেজি গাঁজা ধ্বংস করে। এ ছাড়া ৯ ফেব্রুয়ারি রাঙামাটির কাউখালী থানার ফটিকছড়ি এলাকা থেকে ৮২২ কেজি গাঁজা ধ্বংস করা হয়।