৮ ঘণ্টার ব্যবধানে নাটোরে দুই কারাবন্দীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

আট ঘণ্টার ব্যবধানে নাটোরে দুই কারাবন্দীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৪টার দিকে হত্যা মামলার আসামি আনছের আলী (৪৬) ও বৃহস্পতিবার রাত ৮টার দিকে মাদক মামলার সাজাপ্রাপ্ত কয়েদি ওসমান শেখ (৩৩) মারা যান।

কারাগার কর্তৃপক্ষ বলছে, তাঁরা অসুস্থ হয়ে মারা গেছেন। তবে ওসমান শেখের পরিবারের দাবি, কারা পুলিশের নির্যাতনে ওসমানের মৃত্যু হয়েছে।

কারা কর্তৃপক্ষ ও নাটোর সদর হাসপাতাল সূত্রে জানা যায়, পাবনা সদরের চক ভানুরা গ্রামের ভানু প্রামাণিকের ছেলে আনছের আলী নাটোরের লালপুর থানার একটি হত্যা মামলার আসামি হয়ে গত জানুয়ারি থেকে কারাগারে বন্দী। শুক্রবার ভোরে আনছের বুকে ব্যথা অনুভব করলে তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে কয়েদি ওসমান শেখ অসুস্থ হয়ে পড়লে তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত আটটার দিকে তাঁর মৃত্যু হয়। ওসমান শেখ নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের পশ্চিম হাগুড়িয়া গ্রামের নুরু শেখের ছেলে। ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের দায়ে ১৪ মার্চ তাঁকে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান।

কারাগারের ডেপুটি জেলার জাহিদ হাসান বলেন, অসুস্থতার কারণে তাঁদের নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে তাঁদের মৃত্যু হয়। এ ব্যাপারে তাঁদের কোনো অবহেলা ছিল না।

নাটোর সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এম এ মোমিন বলেন, বৃহস্পতিবার রাতে মাদক মামলার কয়েদিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। তবে হত্যা মামলার আসামিকে আজ শুক্রবার ভোররাত সোয়া তিনটায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৩টা ৫৮ মিনিটে তাঁর মৃত্যু হয়। দুজনের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

ওসমান শেখের পরিবারের দাবি, ১৪ মার্চ মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত ওসমানকে কারাদণ্ড দেন। ওই দিন থেকেই তিনি কারাগারে বন্দী। কারারক্ষীরা তাঁকে মারপিট করার কারণেই তিনি অসুস্থ হন।

ওসমানের বোন স্বামী মুকুল হোসেন বলেন, ‘ওসমান কাঠমিস্ত্রির কাজ করতেন। তাঁর দুই ছেলেমেয়ে। আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে কারাগারে ওসমানের কাছে গাঁজা পাওয়া যাওয়ায় কারারক্ষীরা তাঁকে মারপিট করেছেন। এ কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন।’

জেল সুপার আবদুর রহিম বলেন, ওসমানের কাছে গাঁজা পাওয়া গেছে, এটা সত্য। তবে এ জন্য তাঁকে মারপিট করা হয়নি। তিনি অসুস্থতার কারণেই মারা গেছেন।