৮ মাস ২৯ দিন পর নতুন শনাক্ত নেই এমন দিন পেল ময়মনসিংহবাসী
ময়মনসিংহে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্তের পর এই প্রথমবার সংক্রমণবিহীন একটি দিন পার করেছে ময়মনসিংহবাসী। আজ বুধবার প্রাপ্ত নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় নতুন করে একজনও করোনা পজিটিভ শনাক্ত হননি।
জেলা সিভিল সার্জন এ বি এম মসিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার পিসিআর ল্যাবে ১২২ জনের করোনার নমুনা পরীক্ষার পর কারও নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েনি। সংক্রমণ শুরুর ৮ মাস ২৯ দিন পর করোনামুক্ত একটি দিন পার করল জেলা। এতে করোনার বিস্তার রোধ এবং প্রাদুর্ভাব কমে আসার আশাবাদ তৈরি হয়েছে।
সংক্রমণ শুরুর ৮ মাস ২৯ দিন পর করোনামুক্ত একটি দিন পার করল জেলা। এতে করোনার বিস্তার রোধ এবং প্রাদুর্ভাব কমে আসার আশাবাদ তৈরি হয়েছে।
ময়মনসিংহে প্রথম করোনা সংক্রমণের খবর পাওয়া যায় গত বছরের ৮ এপ্রিল। এরপর থেকে প্রতিদিনই করোনার সংক্রমণ শনাক্তের ঘটনা চলতে থাকে।
সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত জেলায় ৪৬ হাজার ৪৫টি নমুনা পরীক্ষার মাধ্যমে ৪ হাজার ৪৩৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৪ হাজার ৫০ জন এরই মধ্যে সুস্থ হয়েছেন। করোনার সংক্রমণে জেলায় এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৫৩ জন। বর্তমানে ৩৩২ জন করোনা রোগী আইসোলেশনে রয়েছেন।