
প্রথম আলো: চট্টগ্রামের আবাসন সমস্যা নিরসনের জন্য সিডিএর কোনো উদ্যোগ রয়েছে িক?
শাহীন উল ইসলাম খান: সিডিএ প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য হচ্ছে চট্টগ্রামে বসবাসরত মানুষের জন্য আবাসনের ব্যবস্থা করা। প্রতিবছরই আমরা কোনো না কোনো উদ্যোগ নিয়েছি। ১৯৬১ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় আবাসন প্রকল্প গড়ে তুলেছে সিডিএ। এর মাধ্যমে প্রায় ছয় হাজার প্লট নাগরিকদের মধ্যে বিতরণ করা হয়েছে। এ ছাড়া সমুদ্রের পাড়ে স্মার্ট সিটি গড়ে তোলারও উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রথম আলো: নিম্ন আয়ের মানুষের প্লট-ফ্ল্যাট দেওয়ার কোনো পদক্ষেপ নিচ্ছেন কি?
শাহীন উল ইসলাম খান: বিষয়টি জটিল। ক্রয়ক্ষমতা বাজারের সঙ্গে সংগতিপূর্ণ না হওয়ায় নিম্ন আয়ের মানুষের পক্ষে ফ্ল্যাট বা প্লটের মালিক হওয়া কঠিন হয়ে যাচ্ছে। নগরের কৈবল্যধাম এলাকায় নিম্ন আয়ের নাগরিকদের জন্য আবাসিক এলাকা করা হয়েছিল। কিন্তু পরে দেখা গেছে, তাঁদের কেউ বরাদ্দ পাওয়া জমি ধরে রাখতে পারেননি।
প্রথম আলো: তাহলে বিকল্প পরিকল্পনা আছে?
শাহীন উল ইসলাম খান: হ্যঁা আছে। আমরা সল্টগোলায় পোশাকশ্রমিকদের জন্য ডরমেটরি নির্মাণ করেছি। তবে সেটার মালিকানা পেতে হলেও তাঁদের খুব সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করতে হবে।
প্রথম আলো: দীর্ঘদিন ধরে নতুন আবাসিক প্রকল্প কেন নিচ্ছে না সিডিএ?
শাহীন উল ইসলাম খান: আসলে জমির দাম বেড়ে গেছে। ক্ষতিপূরণের অঙ্কও বেড়েছে। ফলে জমি অধিগ্রহণ করে প্রকল্প নেওয়া হলে তখন কাঠাপ্রতি জমির দাম পড়বে ২০ থেকে ২৫ লাখ টাকা। এ কারণে আগের মতো প্লট তৈরি করা যাচ্ছে না। তবে ফ্ল্যাট করে আবাসন সুবিধা দেওয়ার চেষ্টা হচ্ছে। এ জন্য কাজীর দেউড়ি এলাকায় ফ্ল্যাট প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এখানে প্রায় ৮০টি ফ্ল্যাট থাকবে। আর নগরের দুই নম্বর গেট এলাকায় সিডিএ স্কয়ার নামের প্রকল্পটিতে আড়াই শ ফ্ল্যাট রয়েছে। এটির কাজ চলছে।
প্রথম আলো: ভবন নির্মাণের সময় আবাসন প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিধিমালা মেনে চলার প্রবণতা কেমন?
শাহীন উল ইসলাম খান: আপনারা জানেন, এখানকার মানুষদের মধ্যে নিয়ম না মেনে ভবন নির্মাণ করার একটি প্রবণতা ছিল। তবে আমরা লোকজনকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে। তারপরও কিছু মানুষ নিয়ম ভাঙছে। অবশ্য অ্যাপার্টমেন্টের মালিকদের আমরা বোঝাতে সক্ষম হয়েছি। আমি এখন বলতে পারব, অ্যাপার্টমেন্ট যারা নির্মাণ করছে, তারা ৮০ ভাগ নিয়ম মেনে চলছে। হয়তো ছোটখাটো কিছু নকশার ত্রুটি থাকে। আর কয়েকটি ডেভেলপার প্রতিষ্ঠান বাদ দিলে অধিকাংশই নিয়ম মেনে চলছে। আর যারা নিয়ম ও বিধিমালা ভঙ্গ করছে, তাদের নজরদারির মধ্যে রাখা হয়েছে।
প্রথম আলো: নগরের আবাসন সমস্যা নিরসনে আবাসন প্রতিষ্ঠানগুলোর কতটুকু ভূমিকা রয়েছে?
শাহীন উল ইসলাম খান: আবাসন সমস্যা নিরসনে সরকারের পাশাপাশি প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চট্টগ্রামে বসবাসকারী লোকজন এসব প্রতিষ্ঠানের কাছ থেকে আবাসন-সংক্রান্ত অনেক সুযোগ-সুবিধা পাচ্ছেন। তবে চট্টগ্রামের ৭০ শতাংশ লোকেরই অ্যাপার্টমেন্ট কেনার যথেষ্ট সক্ষমতা নেই। আমরা আশা করব, আবাসনের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলো বিশেষ করে রিহ্যাবের সদস্যরা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনা করে স্বল্প দামের আবাসনের ব্যবস্থা করতে পারবে। তাহলেই নাগরিকদের একটি বড় অংশ আবাসন–সুবিধার আওতায় আসবে।