৮০০ কেজির গরুর বিক্রি নিয়ে দুশ্চিন্তায় হেলাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোটাতাজাকরণ প্রক্রিয়ায় গরুটির ওজন বর্তমানে প্রায় ৮০০ কেজি
ছবি: প্রথম আলো

তিন বছর আগে এক শুক্রবারে জন্ম হয়েছিল। তাই নাম রাখা হয় শুক্রে। মোটাতাজাকরণ প্রক্রিয়ায় গরুটির ওজন বর্তমানে প্রায় ৮০০ কেজি। গরুটির মালিক বলছেন, তিনি গরুর দাম কম চাচ্ছেন। তবুও ক্রেতা পাচ্ছেন না।

খাবার ও বাসস্থান ভিন্ন হলেও পরিবারের অন্য সদস্যদের মতোই অতি যত্নে পালন করা ষাঁড়টি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক হেলাল শেখ। তাঁর বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়ন এনায়েতপুর গ্রামে।

গোখাদ্যসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি পেয়েছে। অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ। ঈদুল আজহার দিন এগিয়ে এলেও এখনো হেলাল শেখের বাড়িতে কোনো ব্যবসায়ী যাচ্ছেন না। আবার বড় গরু হাটে নিয়ে বিক্রি করাও তাঁর জন্য ঝুঁকিপূর্ণ।

হেলাল শেখ বলেন, প্রায় তিন বছর আগে বাড়ির একটি গাভি থেকে জন্ম হয়েছিল ফ্রিজিয়ান জাতের এ ষাঁড়ের। খাদ্য হিসেবে খাওয়ানো হয়েছে ঘাস, খড়, বিচালি, গম ও ভুট্টার ভুসি। খাদ্য ও বাসস্থান ভিন্ন হলেও লালনপালন করা হয়েছে পরিবারের সদস্যদের মতোই। বর্তমান গরুটির মাথা থেকে লেজ পর্যন্ত লম্বা প্রায় ৭৪ ইঞ্চি ও চওড়া ৯৪ ইঞ্চি। গাঁয়ের রং সাদা-কালো। ৬টি দাঁতের গরুটির ওজন প্রায় ৮০০ কেজি।

হেলাল শেখ বলেন, ঈদ চলে আসছে। কিন্তু এখনো কেউ গরুর দরদাম করতে আসেননি। স্থানীয় কয়েকটি হাটে খোঁজ নিয়েছেন। বড় গরুর তেমন বেচাকেনা নেই। গোখাদ্যসহ নিত্যপণ্যের দাম বেশি। গরুটি প্রতিদিন ৫০০ টাকা মূল্যের ১৩ কেজি খাবার খায়। বিভিন্ন স্থানে বন্যা হচ্ছে। তাই গরু বিক্রি নিয়ে খুব দুশ্চিন্তায় পড়েছেন। অনেকে শৌখিন হিসেবে এমন বড় গরুর চড়া দাম হাঁকেন। কিন্তু তিনি গরুটিকে সাড়ে ছয় লাখ টাকায় বিক্রি করার আশা করছেন।

হেলালের বাবা মোক্তার হোসেন বলেন, বড় গরু হাটে বা বাইরের জেলা হাটে নিয়ে বিক্রি করা খুব ঝুঁকিপূর্ণ। বাড়িতে প্রাকৃতিক উপায়ে পালন করা হয়েছে। প্রতিদিনই প্রায় ৫০০ টাকার খাবার লাগে। বিক্রি না হলে ক্ষতি হয়ে যাবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী বলেন, কোরবানির পশু কেনাবেচা শুরু হয়েছে। তবে বড় পশুগুলো বিক্রি করতে একটু বিপাকে পড়েন পালনকারীরা। অনলাইনসহ বিভিন্ন মাধ্যমে বড় পশু বিক্রিতে সহায়তা করা হয় মালিকদের।