৮৮ কিলোমিটার সড়কের ‘দুঃখ’ ৭০০ মিটারে

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের দোয়ানীতে তিস্তা ব্যারাজের বাইপাস সড়কের বেহাল দশা। এতে চরম দুর্ভোগে পড়েছে ছয় জেলার লাখো মানুষ।ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গুড্ডিমারী ইউনিয়নের দোয়ানীতে তিস্তা ব্যারাজ সেচ প্রকল্প। এই ব্যারাজ প্রকল্প রক্ষায় নির্মিত সড়কের (ফ্লাড বাইপাস) ৭০০ মিটারের মতো অংশ গত বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। সড়কের কোথাও ভেঙে গেছে আবার কোথাও খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে। এই সড়ক বেহাল হওয়ায় পাটগ্রাম-বড়খাতা মোড়-রংপুর ৮৮ কিলোমিটার আঞ্চলিক সড়ক ব্যবহার করা যাচ্ছে না। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছে ছয় জেলার লাখো মানুষ।

রংপুর বিভাগের সঙ্গে নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও লালমনিরহাটের হাতীবান্ধা, পাটগ্রামের মানুষের জন্য এই আঞ্চলিক সড়কটি খুব গুরুত্বপূর্ণ। বিকল্প বুড়িমারী স্থলবন্দর-লালমনিরহাট মহাসড়ক দিয়ে রংপুরে পৌঁছাতে পাড়ি দিতে হয় ৫২ থেকে ৮০ কিলোমিটারের বেশি রাস্তা, সময়ও লাগে বেশি।

নীলফামারীর ডালিয়া পানি উন্নয়ন র্বোড (পাউবো) ও স্থানীয় লোকজনের সূত্রে জানা যায়, ১৯৯৮ সালের দিকে এই দোয়ানীতে তিস্তা ব্যারাজ সেচ প্রকল্প নির্মিত হয়। এ সময় দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কের বড়খাতা নামক স্থান পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটারের সংযোগসড়ক নির্মাণ করে পাউবো। এর সঙ্গে রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর পর্যন্ত ১০ কিলোমিটার এবং বড়খাতা-পাঠগ্রাম পর্যন্ত ১৮ কিলোমিটার যুক্ত হওয়ায় আঞ্চলিক সড়কটির দৈর্ঘ্য দাঁড়ায় প্রায় ৮৮ কিলোমিটার।

২০০১ সালে দোয়ানী তিস্তা ব্যারাজ প্রকল্পের ওপর দিয়ে সংযোগ সড়কটি চলাচলের জন্য খুলে দেওয়া হয়। তখন ভারী যানবাহনের কাছ থেকে টোল আদায় করা হতো। এই সংযোগ সড়কের ফলে বুড়িমারী স্থলবন্দরের সঙ্গে বিভিন্ন জেলার দূরত্ব ও সময় অনেকটা কমে আসে। বুড়িমারী স্থলবন্দরসহ এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের বিপ্লব ঘটে। তবে ব্যারাজ প্রকল্প ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় ২০১৪ সালের ২৫ নভেম্বর ওই সড়ক দিয়ে অত্যধিক ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। তখন থেকে হালকা যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। সে ক্ষেত্রে টোলও আদায় বন্ধ করে দেয় পাউবো।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের দোয়ানীতে তিস্তা ব্যারাজের বাইপাস সড়কের বেহাল দশা। এর ফলে ব্যবহার করা যাচ্ছে না পাটগ্রাম-বড়খাতা মোড়-রংপুর ৮৮ কিলোমিটার আঞ্চলিক সড়ক।
ছবি: প্রথম আলো

দোয়ানী তিস্তা প্রকল্প এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, গত বছরের ২০ অক্টোবর অসময়ে হঠাৎ তিস্তা নদীর পানি প্রবাহ বেড়ে যায়। ওই দিন তিস্তা নদীর পানি বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে দোয়ানীতে নির্মিত সড়ক (ফ্লাড বাইপাস) ভেঙে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। এতে খানাখন্দ ও মাঝেমধ্যে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ার কারণে কিছু দিন ওই সড়কে চলাচল বন্ধ রাখা হয়।

পরে ভেঙে যাওয়া সড়কটি আবার বালু ও মাটি দিয়ে ভরাট করে চলাচলের ব্যবস্থা করে পাউবো। কিন্তু তিন মাস না যেতেই আবারও তা এবড়োখেবড়ো হয়ে যায়। বাইপাস সড়কটি আর সংস্কার করা হয়নি। এতে বালু ও মাটি ভরাটের কারণে একটু বৃষ্টি হলেই পানি দিয়ে সড়কটি কাদায় ভরে যায়। এ সময় পিকআপ ভ্যান, অ্যাম্বুলেন্স, মাহিন্দ্রা, মাইক্রোবাস, ইজিবাইক, অটোভ্যান, টেম্পুসহ অন্যান্য যানবাহন চলাচল যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

স্থানীয় লোকজনের অভিযোগ, বর্ষা মৌসুম শেষে শীতকাল এলেও দোয়ানী বাইপাস সড়ক সংস্কারে নজর দেওয়া হয়নি। তাঁদের উদাসীনতার কারণে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। যোগাযোগের অনুপযোগী গুরুত্বপূর্ণ এ সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। মাত্র ৭০০ মিটারের সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কারের দাবি ওই এলাকার বাসিন্দাদের।

এই সড়ক দিয়ে চলাচলকারী চার-পাচঁজন চাকরিজীবী নাম প্রকাশ না করা শর্তে বলেন, যখন ভারী যানবাহন চলাচল করত, তখন পাউবো টোলও আদায় করত। সড়কটি তখন প্রতিবছর সংস্কার করা হতো। এখন কোনো আয়ও নেই, দুই-তিন বছর থেকে সড়কটির সংস্কারের নামগন্ধও নেই। দোয়ানী বাইপাস সড়কের অবস্থা এমন দাঁড়িয়েছে যে যানবাহন তো দূরের কথা পায়ে চলা কষ্টকর। এটি দ্রুত সংস্কার করা দরকার।

অটোরিকশাচালক মোজাফারুল ইসলাম বলেন, খানাখন্দে ভরা সড়কে ইজিবাইক চালানোর সময় গাড়ির নিয়ন্ত্রণ ঠিক রাখতে না পারায় প্রায়ই দুঘর্টনা ঘটে। দুর্ঘটনার হাত থেকে জানমাল রক্ষার জন্য সড়কটি মেরামত করা প্রয়োজন।

গড্ডিমারীর বাসিন্দা রমজান আলী বলেন, গত বছরের বন্যায় ফ্লাড বাইপাস ভেঙে ঘরবাড়ি ও ফসলি জমি নষ্ট হয়েছে। এখনো ফ্লাড বাইপাস সংস্কার করা হয়নি। আগামী বন্যার আগে সংস্কার না হলে ভয়াবহ বিপদ হতে পারে। তাই দ্রুত সংস্কারের দাবি জানান তিনি।

নীলফামারীর ডালিয়ার পাউবো নির্বাহী প্রকৌশলী আসফা-উদ-দৌলা সাংবাদিকদের বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ফ্লাড বাইপাস সংস্কারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত সংস্কারকাজ শুরু করা হবে। তবে আগামী বন্যার আগেই এটি সংস্কারের চেষ্টা করা হচ্ছে।