একদল নারী-পুরুষকে কোমরে রশি বেঁধে সারি করে নিয়ে যাচ্ছে খাকি পোশাকধারী সেনারা। কারও গলায় লাঠি ধরে, হাতের মুঠোয় মাথার চুল ধরে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। নির্যাতিতদের চিৎকারে ছেয়ে যাচ্ছে চারদিক। সেনাদের কণ্ঠে তখন উল্লাস। মুহূর্তেই সেনাদের গুলিতে মাটিতে লুটিয়ে পড়লেন কয়েকজন।
একাত্তরের এমন দৃশ্য ফুটিয়ে তোলা হলো সংবাদ সম্মেলনে। ৯ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলে মঞ্চস্থ হবে নাটক জোহা হল কথা কয়। এর ঘোষণা দিতে গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের সামনের আমতলায় আয়োজন করা হয় ওই সংবাদ সম্মেলন।
এতে উপস্থিত ছিলেন নাটকের কলাকুশলী ও নির্দেশক। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশের ৬৪ জেলায় ১৯৭১ সালে সংঘটিত গণহত্যার স্থানগুলোতে নাটক মঞ্চস্থ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা হলে নাটকটি মঞ্চস্থ করবে পরিবেশ থিয়েটার। নির্দেশনায় আছেন নাট্যকলা বিভাগের অধ্যাপক রহমান রাজু। একাত্তরে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হল ছিল পাকিস্তানি সেনাদের ক্যাম্প, আর এর পাশেই বধ্যভূমি।
সংবাদ সম্মেলনে অভিনয়ের মাধ্যমে নাট্যশিল্পীরা বলেন, ‘ওখানে (বধ্যভূমিতে) যারা যায়, তারা কেউ জানে না এই মাটির কান্না। শুনেছি, ওখানে যাঁরা ঘুমিয়ে আছেন, তাঁদের পরিবারের কেউ খোঁজ রাখে না। কী কষ্ট তাঁদের! শুনেছি, ওখানে অনেকেই জুতা পায়ে ওঠে বেদিতে। জোহা হলে নেই কোনো স্মৃতি সংগ্রহশালা। চিরচেনা এই জোহা হল যে কত অব্যক্ত কথা কয়!’
এরপর নাটকের নির্দেশক রহমান রাজু সাংবাদিকদের বলেন, পরিবেশ থিয়েটারের বিশেষত্ব অনুযায়ী পুরো জোহা হলে নাটকের পরিবেশ সৃষ্টি করা হবে। হলের ছাদ, বারান্দা, কক্ষ, মাঠ মিলিয়ে ১৯৭১ সালের সেই সময়ের জোহা হলের পরিবেশ হুবহু ফুটিয়ে তোলা হবে। নাটকটিতে কলাকুশলীর সংখ্যা ২২১। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত থাকবে।