৯ সেপ্টেম্বর থেকে চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক
৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে চুয়াডাঙ্গার অভ্যন্তরীণ পাঁচটি ও খুলনা পথে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দিয়েছে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। জেলার আঞ্চলিক পাঁচটি মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে এই ডাক দেওয়া হয়।
আজ সোমবার দুপুরে জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করা হয়। এ সময় হুঁশিয়ারি দেওয়া হয়, ১২ সেপ্টেম্বরের মধ্যে সমস্যার সুরাহা না হলে ১৩ সেপ্টেম্বর থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও খুলনাসহ সারা দেশের সঙ্গে সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাবিবুর রহমান। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের সাধারণ সম্পাদক রিপন মণ্ডল, চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আলি রেজা সজল ও সাধারণ সম্পাদক এ কে এম মঈন উদ্দিন, জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মো. সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আবুল কালাম, চুয়াডাঙ্গা জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাইফুল হাসান জোয়ার্দ্দার এবং জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম।
লিখিত বক্তব্যে বলা হয়, ২০১০ সালে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী চুয়াডাঙ্গাসহ খুলনা বিভাগের ১০ জেলায় মহাসড়ক ও আঞ্চলিক সড়কে আলমসাধু, নছিমন, করিমন, ভটভটি চলাচল নিষিদ্ধ। অথচ চুয়াডাঙ্গার পাঁচটি আঞ্চলিক মহাসড়কের সবগুলোতে এসব অবৈধ যান অবাধে চলাচল করছে। সড়কগুলো হচ্ছে চুয়াডাঙ্গা-হাসাদহ, বদরগঞ্জ-চুয়াডাঙ্গা-দরবেশপুর, চুয়াডাঙ্গা-ডম্বলপুর (আলমডাঙ্গা), চুয়াডাঙ্গা-আটকবর ভায়া দর্শনা-দামুড়হুদা ও চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা ভায়া আসমানখালী।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, দেড় বছরের বেশি সময় ধরে কোভিড-১৯–এর কারণে পরিবহন খাত চরম লোকসানের ধকল সহ্য করে আসছে। লকডাউন শেষে সীমিত আকারে বাস চলাচল শুরু হওয়ার পর পুরোদমে অবৈধ যান চলাচল করায় এই শিল্পটি ধ্বংসের দ্বারপ্রান্তে। যে কারণে জেলার প্রায় ১ হাজার ৫০০ পরিবহন ব্যবসায়ী ও ৬ হাজার পরিবহনশ্রমিক চরম কষ্টে দিনাতিপাত করছেন। পরিবহন শিল্প খাতে সরকার প্রতিবছর কোটি কোটি টাকা রাজস্ব আদায় করে থাকে। তাই এই শিল্পের টিকে থাকার স্বার্থে সরকার ও প্রশাসনিকভাবে সহযোগিতা জরুরি হয়ে পড়েছে।
পরিবহননেতারা বলেন, জেলাজুড়ে অবৈধ যানের কারণে গত ১০ বছরে জেলায় ছয় শতাধিক মানুষ নিহত এবং আড়াই হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। উপার্জনক্ষম ব্যক্তির হতাহতের কারণে এসব পরিবারের সদস্যরা খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, অবৈধ যান চলাচল বন্ধে গত ৩১ আগস্ট জেলা প্রশাসকের কাছে ঐক্য পরিষদের পক্ষ থেকে স্মারকলিপি পেশ করা হয়। যেখানে ৩ সেপ্টেম্বরের মধ্যে উল্লিখিত পাঁচটি আঞ্চলিক সড়কে অবৈধ যানবাহন বন্ধে প্রশাসনিক উদ্যোগ গ্রহণের অনুরোধ করা হয়। স্মারকলিপিতে জানিয়ে দেওয়া হয় যে ৩ সেপ্টেম্বরের মধ্যে এসব সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ না হলে লাগাতার পরিবহন ধর্মঘট ছাড়া আর কোনো উপায় থাকবে না।