৯৯৯-এ কল করে বাল্যবিবাহ ঠেকাল কিশোরী
আজ সোমবার ঘরোয়াভাবে বিয়ে হওয়ার কথা ছিল মাদ্রাসাপড়ুয়া কিশোরীর (১৫)। তার আগেই ওই বিয়ে ঠেকিয়ে দিল কিশোরী নিজেই। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে সে রক্ষা পায় বাল্যবিবাহ থেকে। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, আজ সকালে বাল্যবিবাহের আয়োজন করে দুই পক্ষের লোকজন। ৪০ বছর বয়সী বরকে বিয়ে করতে আগ্রহী নয় মাদ্রাসাপড়ুয়া কিশোরী। গতকাল রাত ১১টার দিকে কিশোরী ৯৯৯-এ কল করে। সেখান থেকে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরীকে যুক্ত করে দেওয়া হয়। ওই সময় মেয়েটি ইউএনওকে বিস্তারিত জানিয়ে বিয়েতে অসম্মতির কথা বলে। ইউএনও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন এবং চেয়ারম্যানের সহযোগিতায় বাল্যবিবাহটি বন্ধ করে দেন।
ইউএনও সাইদুজ্জামান চৌধুরী কিশোরীর ফোন পেয়ে বাল্যবিবাহ বন্ধের খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, কিশোরীর মা-বাবা ও কাজিকে সতর্ক করা হয়েছে, যাতে তাঁরা আর বাল্যবিবাহের আয়োজন না করেন।