৯৯৯ নম্বরে ফোন, ধর্ষণের শিকার নারীকে উদ্ধার
কুমিল্লার লাকসামে এক গৃহবধূ (২২) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ঘটনার শিকার নারীকে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে উপজেলার মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূকে গ্রামের একটি বাড়িতে নিয়ে কয়েকজন মিলে ধর্ষণ করেন।
বিষয়টি টের পেয়ে স্থানীয় এক বাসিন্দা জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূকে উদ্ধার করে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রামের বাসিন্দা আবদুল কুদ্দুস স্বপন (২৫) ও মো. দিপুকে (৩০) আটক করে পুলিশ।
কুমিল্লার সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) মুহিতুল ইসলাম বলেন, গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। তিনি চারজনকে আসামি করে মামলা করেছেন। মামলার অপর দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।