৯৯৯ নম্বরে ফোন, ভেস্তে গেল পুলিশের গাড়িতে ‘যাত্রী পরিবহন’
পুলিশের কোস্টারে করে চাঁপাইনবাবগঞ্জ থেকে ৪০ পোশাকশ্রমিককে নিয়ে ঢাকায় যাচ্ছিলেন চালক। পথে এক ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ক্ষতি হয় কোস্টারের। ক্ষতিপূরণ পাওয়া নিয়ে শুরু হয় ঝামেলা। তা দেখে ফোন করা হয় ৯৯৯ নম্বরে। কোস্টারটি নিয়ে যাওয়া হয় থানায়। ফলে ভেস্তে যায় ৮০ হাজার টাকার ‘পরিবহন বাণিজ্য’।
নাটোর শহরের চকরামপুর বাইপাস এলাকায় গতকাল মঙ্গলবার রাত একটার দিকে এ ঘটনা ঘটে।
কোস্টারে ওঠা যাত্রীরা বলেন, মঙ্গলবার ঢাকার রাজারবাগের পুলিশ টেলিকম অফিসের একটি কোস্টার কয়েক পুলিশ সদস্যকে চাঁপাইনবাবগঞ্জ পৌঁছে দিতে আসে। ফেরার সময় কোস্টারটির চালক ফিরোজ হাসান নাচোল উপজেলা সদর থেকে মাথাপিছু ২ হাজার টাকা ভাড়ায় ৪০ পোশাকশ্রমিককে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তোলেন।
২৬ আসনের ওই কোস্টার রাত একটার সময় নাটোর শহরের চকরামপুর বাইপাস এলাকা অতিক্রম করছিল। এ সময় পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে কোস্টারের লুকিং গ্লাস ভেঙে যায়। ক্ষতিপূরণ আদায়ের জন্য ট্রাকটিকে আটকানো হয়। ক্ষতিপূরণ বাবদ ৫০ হাজার টাকা দাবি করা হলে ট্রাকের চালক তোরাব আলী ও তাঁর সহকারী আবুল কাসেমের সঙ্গে ফিরোজের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ফিরোজ ওই ট্রাকের চালক ও সহকারীকে মারধর করেন।
ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় এক যুবক জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন। ফোন পেয়ে নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মতিন সেখানে গিয়ে ট্রাক ও কোস্টারটি থানায় নিয়ে যান। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ট্রাক ও কোস্টারটি ছেড়ে দেওয়া হয়।
যাত্রীরা বলেন, পুলিশি ঝামেলা এড়াতে তাঁরা কোস্টার থেকে নেমে যান। দীর্ঘ সময় অপেক্ষার পর তাঁরা বিকল্প উপায়ে ঢাকার উদ্দেশে রওনা হন। কোস্টারে থাকা যাত্রী হোসেন আলী বলেন, তাঁরা নাচোলে শ্যামলী পরিবহনের কাউন্টারে ঢাকায় যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ সেখানে পুলিশের কোস্টারটি যায়। তখন কাউন্টারের মাস্টার তাঁদের কাছ থেকে মাথাপিছু দুই হাজার টাকা ভাড়া আদায় করে পুলিশের গাড়িতে তুলে দেন। বিধিনিষেধের মধ্যে পুলিশের গাড়িতে ঝামেলা হবে না ভেবে তাঁরা অতিরিক্ত ভাড়ায় উঠেছিলেন।
যাত্রী রুনা বেগম ও আমেনা বেগম বলেন, গাড়িটিতে ৪০ পোশাকশ্রমিককে গাদাগাদি করে বসানো হয়েছিল। কোস্টারের মধ্যে পা ফেলার জায়গা ছিল না।
কোস্টারচালক ফিরোজ হাসান বলেন, সাত পুলিশ সদস্যকে পৌঁছে দিতে তিনি চাঁপাইনবাবগঞ্জে নিয়ে এসেছিলেন। ফেরার সময় টেলিকম অফিসের পরিদর্শক (পরিবহন) রেজাউল করিম তাঁকে নাচোল থেকে কিছু যাত্রী নিয়ে যাওয়ার কথা বলেন। যাত্রীদের ভাড়ার টাকা কত পেয়েছেন জানতে চাইলে তিনি বলেন, এটা রেজাউল স্যার জানেন।
তবে পরিদর্শক রেজাউল করিম মুঠোফোনে বলেন, ফেরার পথে চালক কী করেছে, তা তিনি বলতে পারবেন না। তিনি চালককে কিছু বলেননি। ভবিষ্যতে চালক যেন এ রকম কাজ না করেন, সে ব্যবস্থা তিনি নেবেন।
নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মতিন জানান, কোস্টারটির লুকিং গ্লাস ভেঙে যাওয়ার ব্যাপারে সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশের গাড়িতে ভাড়ার বিনিময়ে যাত্রী পরিবহনের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, টেলিকম অফিসের এক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, তাঁর কিছু আত্মীয়স্বজন কোস্টারে ছিলেন। তাঁরা ভাড়া দিয়ে যাচ্ছিলেন কি না, তা তাঁর জানা নেই।