৯৯৯–এ ফোন করে রক্ষা পেলেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী জেলার মানচিত্র

রাজশাহীর বাগমারায় অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে এক নারী ও পুরুষকে আটকে রেখেছিলেন এলাকার লোকজন। এ সময় স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে ওই ব্যক্তিকে পিটিয়ে জখমও করেন। পরে নিরুপায় হয়ে জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) কল করে এলাকাবাসীর কবল থেকে নিজেদের রক্ষা করেছেন ওই নারী ও পুরুষ।

আজ বুধবার সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে। ওই দুই নারী-পুরুষ এখন বাগমারা থানার পুলিশের হেফাজতে আছেন।

ওই নারী প্রথম আলোকে বলেন, তিনি মোহনপুর এলাকায় একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। ছয় মাস আগে তিনি বদলি হয়ে বাগমারায় আসেন। কিছুদিন আগে স্বামীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়ে গেছে বলে তিনি দাবি করেন। এর পর থেকে তিনি ভাড়া বাসায় আলাদা বাস করতেন। আজ ভোরে তিনি ওই ব্যক্তিকে তাঁর বাড়িতে ব্যক্তিগত কাজে ডেকে নিয়ে আসেন। ওই ব্যক্তির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক আছে বলে তিনি দাবি করেন।

জানতে চাইলে ওই ব্যক্তিও প্রেমের সম্পর্কের বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, আজ সকালে তিনি ওই নারীর ডিভোর্সের কাগজপত্র নারীর স্বামীর কাছে পৌঁছে দেওয়ার জন্য আসেন। ছয়টার পর তিনি ওই নারীর বাড়িতে ঢোকেন। এর কিছুক্ষণ পরই স্থানীয় লোকজন তাঁদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে তিন লাখ টাকা দাবি করে। টাকা দিতে আপত্তি জানালে ওই ব্যক্তিকে মারধর করে আটকে রাখা হয়। পরে তাঁরা সাহায্যের জন্য ৯৯৯-এ কল করেন।

স্থানীয় লোকজন বলেন, ওই নারীর আচরণে তাঁদের সন্দেহ হয়। তাঁর ঘরে থাকা ওই ব্যক্তিকে নিয়ে আপত্তিকর কথাবার্তা বলায় তাঁরা আটকে রেখেছিলেন। তবে তাঁদের কাছ থেকে কোনো টাকা দাবি করা হয়নি বলে তাঁরা দাবি করেন।

বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, বাগমারায় এক নারী ও পুরুষকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ করা হচ্ছে—এমন খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। পরে আহত অবস্থায় ওই নারী ও পুরুষকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁরা প্রেমিক-প্রেমিকা বলে দাবি করেছেন।