সিলেট বিভাগে কোভিডে আক্রান্ত আরও ২৪৭ জন

সিলেট বিভাগে আরও ২৪৭ জন কোভিড-১৯-এ (করোনাভাইরাস) আক্রান্ত হয়েছেন। গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় তাঁদের করোনার সংক্রমণ শনাক্ত হয়।
আক্রান্ত ব্যক্তিরা সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে আক্রান্ত মানুষের সংখ্যা ৪ হাজার ৮৬১ জন। বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২ জন। সুস্থ হয়েছেন ১৮৩ জন।
বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান।
নতুন করে সংক্রমিত লোকজনের মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে সিলেটের ৭৫ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়। অন্যদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে সুনামগঞ্জের ২৪জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়। ঢাকার পরীক্ষাগার থেকে হবিগঞ্জ জেলার ১১৭ জনের এবং মৌলভীবাজার জেলার ৩১ জনের কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া যায়।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিভাগের মধ্যে সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৬২৫ জন। এর মধ্যে মারা গেছেন ৬২ জন, সুস্থ হয়েছেন ৪৫৬ জন। সুনামগঞ্জ জেলায় আক্রান্ত ১ হাজার ১৪ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৫২৮ জন এবং মারা গেছেন ৭ জন। হবিগঞ্জ জেলায় আক্রান্ত ৭২২ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২৪৭ জন এবং মারা গেছেন ৬ জন। মৌলভীবাজার জেলায় আক্রান্ত ৫০০ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২৫৬ জন এবং মারা গেছেন ৪ জন।