'অনেক দিন পর তৃপ্তি করে ইফতার করলাম'
‘রমজানের শেষ দিকে এসে হলেও অনেক দিন পর তৃপ্তি নিয়ে ইফতার করলাম।’ কথাটি বলছিল মোহাম্মদ আশরাফুজ্জামান। মা-বাবা দুজনকেই হারিয়ে এতিমখানায় বড় হচ্ছে সে।
গতকাল শুক্রবার আশরাফুজ্জামানের মতো অনেক এতিম শিক্ষার্থী আনন্দময় পরিবেশে ইফতার ও রাতের খাবার খাওয়ার আয়োজনে অংশ নেয়। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে চট্টগ্রামের গাউছিয়া তৈয়্যবীয়া হেফজখানা ও শাহ আমানত (রহঃ) এতিমখানার ছাত্রদের ইফতার ও রাতের খাবার বিতরণ করা হয়। এখানকার প্রায় শতাধিক ছাত্র ও শিক্ষককে নিয়ে ছিল এ আয়োজন। সার্বিক সহযোগিতায় ছিল প্রথম আলো বন্ধুসভা চট্টগ্রাম।
সন্ধ্যা ছয়টায় আয়োজনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। তাঁর কথামালায় উঠে আসে প্রথম আলো ট্রাস্টের বিভিন্ন কার্যক্রমের চিত্র। এরপর বক্তব্য দেন এই হেফজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা আলহাজ মাওলানা নুরুল আবছার আল-কাদেরী।