কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অধুনালুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার ভোটারদের মাঝে উন্নত মানের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে দাসিয়ারছড়ার কালীরহাট বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। জেলা প্রশাসন ও জেলা নির্বাচন কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজন করে।
কার্ড পেয়ে দাসিয়ারছড়ার চম্পা খাতুন বলেন, ‘আমরা আজ বাংলাদেশি। আমার হাতে এখন নাগরিকত্বের স্মার্ট কার্ড। আমরা স্মার্ট নাগরিক।’
প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন, ‘স্মার্ট কার্ড নাগরিকত্ব পরিচয়ের অনন্য দলিল। আপনারা এটি যত্নসহকারে রাখবেন।’ এরপর তিনি দাসিয়ারছড়ার নতুন ২০ জন নাগরিকের হাতে কার্ড তুলে দেন।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবু হাফিজ বলেন, দাসিয়ারছড়ার ২ হাজার ৫৬২ জন নাগরিককে স্মার্ট কার্ডের আওতায় আনা হয়েছে। এর মধ্যে নারী ১ হাজার ৩০৬ জন এবং পুরুষ ১ হাজার ২৫৬ জন। এসব ব্যক্তি ৩১ অক্টোবর স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে পারবেন।
জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন বলেন, ছিটমহল বিনিময়ের এক বছরের মাথায় দাসিয়ারছড়ার অধিবাসীরা ভোটার তালিকাভুক্ত হয়েই পাচ্ছেন স্মার্ট কার্ড এনআইডি। তাঁরা নাগরিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে কার্ডটি ব্যবহার করতে পারবেন।
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নির্বাচন কমিশনার শাহনেওয়াজ ও মোহাম্মদ আবদুল মোবারক, এনআইডি প্রকল্পের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান সালেউদ্দিন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মনিরুল ইসলাম প্রমুখ।