‘আমরা তামিম হতে চাই, আমরা সাকিব হতে চাই, আমরা ফুটবলার হতে চাই’—এ রকম নানা ব্যানার-ফেস্টুন নিয়ে আউটার স্টেডিয়াম রক্ষার দাবি জানিয়েছে চট্টগ্রামের প্রায় দুই শ শিক্ষার্থী। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এই দাবি জানায়।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আউটার স্টেডিয়াম খেলার মাঠ রক্ষা করো’ শিরোনামে একটি ইভেন্ট খোলা হয়েছিল। এই ইভেন্টের সূত্রে শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনের মূল ব্যানারে লেখা ছিল, ‘আমরা সুইমিংপুল চাই, কিন্তু খেলার মাঠ নষ্ট হোক চাই না। অবিলম্বে আউটার স্টেডিয়াম খেলার মাঠ ফিরিয়ে দাও।’ এই কর্মসূচিতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা যোগ দেয়। তাদের হাতে ব্যানার-ফেস্টুনের পাশাপাশি ব্যাট-বলও দেখা যায়।
মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য দেয় সাফায়েত ফাহিম, ইফতিশাম উদ্দিন, তারেক রহমান, সাঈদ আবদুল্লাহ, দিবরাজ মহাজন নামের কয়েকজন শিক্ষার্থী। তারা বলে, তারা সুইমিংপুলের বিপক্ষে নয়। তবে উন্মুক্ত একটি খেলার মাঠ নষ্ট করে এটি চায় না। আউটার স্টেডিয়ামে এখন প্রতিদিন শত শত ছেলে ক্রিকেট, ফুটবল খেলে। সুইমিংপুলের কারণে এখন মাঠের আকার কমে গেছে।