'একাত্তরের স্মৃতি হয়ে বাঁচুক বটগাছটি'

বধ্যভূমিসংলগ্ন রায়েরবাজারের বটতলার শতবর্ষী বলে পরিচিত বটগাছটির কিছু অংশ কাটা হয়েছে। এই গাছটিকে কেন্দ্র করেই এলাকাটির নাম বটতলা। স্থানীয় লোকজনের কাছে গাছটির গুরুত্ব আরেকটু বেশি। তাঁদের মতে, গাছটি একাত্তরের বুদ্ধিজীবী হত্যার নির্বাক সাক্ষী।
গাছটি ব্যক্তিমালিকানাধীন জায়গায়। ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা উম্মে হাবিবা বলেন, প্রাচীন বৃক্ষকে বিশেষ গাছ হিসেবে ঘোষণা দিয়ে সংরক্ষণ করার আইন আছে। এ ছাড়া সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানহ অন্যান্য প্রতিষ্ঠানে বা রাস্তার পাশে ও সরকারি জমির গাছ কাটতে হলে বন বিভাগের অনুমোদন নিতে হয়। তিনি জানান, বন বিভাগ গত মঙ্গলবার গিয়ে গাছটি কাটা বন্ধ করে দেয়। থানায়ও জানানো হয়।

এই গাছটির খুব কাছের জলাভূমিতে ১৯৭১ সালে বুদ্ধিজীবীদের হত্যা করে লাশ ফেলে রাখা হয়। তবে সেই জলাভূমি এখন আর নেই।
রায়েরবাজার এলাকার বাসিন্দা মুক্তার হোসেন বলেন, ‘এই গাছের নামে এই এলাকাকে মানুষ চেনে। এই গাছ না থাকলে পরিচয়ও থাকবে না। মানুষ চায় একাত্তরের স্মৃতি হয়ে বাঁচুক বটগাছটি।’
ডাল কাটা গাছের পাশেই একটি দেয়ালে লেখা আছে বাড়ির মালিক মোছা. জহুরা বেগম। তাঁর ছেলে কামরুল হাসান বলেন, ‘জায়গাটি বাবা কিনেছেন। মায়ের কাছে শুনেছি এই গাছের বয়স এক শ বছর বা তার কিছু বেশি। তবে এ ধরনের গাছ কাটার আগে অনুমতি লাগে তা জানতাম না। জানার পর কাটা বন্ধ রেখেছি। বন বিভাগ যে ধরনের নির্দেশনা দেবে, সে অনুযায়ী গাছটা কাটা হবে।’
কামরুল হাসান বলেন, ‘গাছটির একটি ডাল ঘরের ওপর ভেঙে পড়েছিল। গাছ সংরক্ষণ করার কথা ভাবার সঙ্গে সঙ্গে এর কারণে ঝুঁকির বিষয়টিও দেখতে হবে। ঝুঁকিপূর্ণ হওয়ায় বাধ্য হয়ে কাটার কথা ভাবতে হলো।’
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) চেয়ারম্যান আবু নাসের খান বলেন, ‘গাছটি কাটা বন্ধ করার জন্য মোহাম্মদপুর থানায় অভিযোগ করেছি। আমরা বলেছি, মালিকানা যারই হোক গাছটা কাটা বন্ধ করতে হবে। একাত্তরের গণহত্যার স্মৃতিবাহী ও সাক্ষী এই গাছটি রক্ষা করতে হবে।’
একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির বলেন, গণহত্যার জায়গাগুলো রক্ষার জন্য হাইকোর্টের রায় আছে। ব্যক্তিমালিকানাধীন জায়গা হলেও সরকার ক্ষতিপূরণ দিয়ে সেগুলো অধিগ্রহণ করে রক্ষা করবে। আর থানায় অভিযোগ যাওয়ার পর পুলিশের কর্তব্য হলো তদন্ত করে বধ্যভূমির জায়গা হলে তা উদ্ধার করা।