'কাউকে কারচুপির সুযোগ দেওয়া হবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ছয় ইউনিয়ন পরিষদে (ইউপি) ৩১ অক্টোবর অনুষ্ঠেয় নির্বাচনে কাউকে কেন্দ্র দখল ও কোনো রকম কারচুপি করার সুযোগ দেওয়া হবে না। উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিদ্রোহী, স্বতন্ত্র ও বিএনপির ইউপি চেয়ারম্যান প্রার্থী এবং ইউপি সদস্য প্রার্থীরা গতকাল শনিবার মতবিনিময় সভায় সরকার–সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে নানা অভিযোগ করলে জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান ও পুলিশ সুপার এস এম রশিদুল হক ওই প্রতিশ্রুতি দেন।

পাটগ্রাম উপজেলা পরিষদ চত্বরের ডাকবাংলোর সম্মেলনকক্ষে গতকাল দুপুরে ইউপি চেয়ারম্যান ও সাধারণ সদস্য পদের প্রার্থীদের সঙ্গে ওই মতবিনিময় সভা হয়। এ সময় আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান ও এস এম রশিদুল হক সব প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলারও পরামর্শ দেন।

সভায় সভাপতিত্ব করেন ইউএনও নুর কুতুবুল আলম। বক্তব্য দেন জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম, সহকারী কমিশনার (ভূমি) টি এম মোমিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আফতাব উজ্জামান, শ্রীরামপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী আবদুল করিম প্রধান, আবুল হাসেম, জগতবেড় ইউপির চেয়ারম্যান প্রার্থী নবিবর রহমান, মোখলেছুর রহমান, পাটগ্রাম সদর ইউপির চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম প্রমুখ।