'কুমিল্লা ও কবি নজরুল একই সূত্রে গাঁথা'

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টিতে কুমিল্লা এক গুরুত্বপূর্ণ অধ্যায়। কবির জীবনের দুটি প্রেম ও প্রণয় কুমিল্লায়। শহর কুমিল্লা ও মুরাদনগরের দৌলতপুরে কবি যৌবনের শ্রেষ্ঠ সময় পার করেছেন। এখানেই তিনি রচনা করেছেন গান, কবিতা।
গতকাল শনিবার কবির ৪০তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে ঘুরেফিরে সব বক্তাই কুমিল্লায় নজরুলের সরব উপস্থিতি নিয়ে এমন আলোচনা করেন। বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই অনুষ্ঠান হয়। কুমিল্লা জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি ও নজরুল পরিষদ কুমিল্লার যৌথ উদ্যোগে ওই অনুষ্ঠান হয়।
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে ওই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল। নজরুলের ওপর আলোচনা করেন নজরুল গবেষক আলী হোসেন চৌধুরী, কুমিল্লা অজিতগুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার, সম্মিলিত সাংস্কৃতিক জোট কুমিল্লার সভাপতি পাপড়ি বসু। অতিথি হিসেবে বক্তব্য দেন ইতিহাসবিদ গোলাম ফারুক, কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জহিরুল ইসলাম সেলিম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এ কে এম আসাদুজ্জামান এবং কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ এস এম আবদুল ওহাব।
মো. হাসানুজ্জামান কল্লোল বলেন, ‘কবি নজরুল কুমিল্লাকে দিয়েছেনও। আবার কুমিল্লার মেয়েকে বরণ করে নিয়েছেনও। কুমিল্লা ও কবি নজরুল একই সূত্রে গাঁথা। তাই চিরতরেও কুমিল্লাবাসী কবিকে ভুলতে পারবে না। কবি অন্যায়ের সঙ্গে কোনো আপস করেননি। তিনি অন্যায়ের বিরুদ্ধে ছিলেন এক দ্রোহ।’
পরে বিশিষ্ট নজরুলসংগীতশিল্পী শারমিন সাথী ইসলাম সংগীত পরিবেশন করেন।