'খেজুরের গুড়ে আগের স্বাদ-গন্ধ নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁচকৈড় বাজারে চলছে খেজুরগুড় কেনাবেচা। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
চাঁচকৈড় বাজারে চলছে খেজুরগুড় কেনাবেচা। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

প্রতিবছরের মতো এবারও শীতে খেজুরের গুড় দিয়ে পিঠা বানিয়েছেন নাটোরের গুরুদাসপুর উপজেলার শাহপুর গ্রামের গৃহবধূ সুফিয়া বেগম। তবে তাঁর পিঠা আগের মতো হয়নি। তিনি বলেন, ‘আগে খেজুরের গুড়ের ঘ্রাণে মন ভরে যেত। পিঠা-পায়েস খেয়ে সবাই প্রশংসা করতেন। এখন গুড়ে আগের স্বাদ-গন্ধ নেই। এই গুড়ের পিঠাও ভালো হয় না।’
স্থানীয় সূত্রে জানা গেছে, গুরুদাসপুরের খেজুরের গুড়ের ঐতিহ্য দীর্ঘদিনের। মান ভালো হওয়ায় ঢাকাসহ বিভিন্ন এলাকার পাইকারেরা এখানকার মোকাম থেকে গুড় কিনে নিয়ে যান। তবে গুড়ে আগের মতো আর স্বাদ-গন্ধ নেই। মূলত বাড়তি লাভের আশায় চিনি মিশিয়ে খেজুরের গুড় তৈরি করা হচ্ছে। কৃষক পর্যায়ে অনেকেই এভাবে গুড় তৈরি করছেন। আবার অনেকে ‘কারখানায়’ চিনি মিশিয়ে গুড় উৎপাদন করে বিক্রি করছেন। চিনির সঙ্গে রং, হাইড্রোজ, সোডা, ফিটকিরি প্রভৃতি রাসায়নিক মেশানোরও অভিযোগ উঠেছে। ভেজাল গুড় তৈরি করায় গত বছর অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছিল। এরপর ভেজাল গুড়ের ব্যবসায়ীরা গা ঢাকা দেন। এ বছর ফের তাঁরা সক্রিয় হয়ে উঠেছেন।
উপজেলার গুড়ের বড় মোকাম চাঁচকৈড় ও নাজিরপুর। সম্প্রতি চাঁচকৈড় বাজারে গিয়ে দেখা যায়, প্রতি কেজি খেজুরের গুড় ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে। তবে অপেক্ষাকৃত নিম্নমানের গুড়ের (ঝোলাগুড়) কেজি ৬০ টাকা। স্থানীয় মহাজন ও দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পাইকারেরা গুড় দেখছেন। পাশাপাশি সাধারণ মানুষও গুড় কিনছেন।

হাটে গুড় বিক্রি করতে এসেছেন পাটগ্রামের রওশন আলী, খবির প্রামাণিক ও কোরবান আলী। তাঁরা বলেন, প্রতিটি গাছের জন্য মালিককে মৌসুমে ২০০-৩০০ টাকা দিতে হয়। মজুরি, জ্বালানি খরচসহ প্রতি কেজি খাঁটি গুড়ের উৎপাদন খরচ পড়ে গড়ে ১০০ টাকা। কিন্তু বাজারে এত দামে গুড় বিক্রি হয় না।

তাঁরা আরও বলেন, প্রতি ১০ লিটার খেজুরের রসে ১ কেজি গুড় পাওয়া যায়। তবে ১০ লিটার রসের সঙ্গে ২ কেজি চিনি মেশালে অন্তত ৫ কেজি গুড় উৎপাদন হয়। বাজারে প্রতি কেজি চিনি ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। বাড়তি মুনাফার জন্য অনেকেই এভাবে গুড় তৈরি করছেন।

 সিধুলি গ্রাম থেকে আসা হাফিজ উদ্দিন বলেন, গ্রামে গুড়ে শুধু অল্পচিনি মেশানো হয়। কিন্তু চাঁচকৈড় ও নাজিরপুর বাজার এলাকায় কয়েকজন কারখানা খুলে হাজার হাজার মণ ভেজাল গুড় তৈরি করছেন। বাজার থেকে কম দামে নিম্নমানের গুড় কিনে এসব কারখানায় নিয়ে তার সঙ্গে চিনি ও রাসায়নিক মেশানো হচ্ছে।

ঢাকা থেকে আসা পাইকার হানিফ আলীর মতে, প্রান্তিক কৃষক ও মহাজন সবাই ভেজাল গুড় তৈরি করছেন। গুড়ের রং সাদা ও শক্ত করতে তাঁরা যথেচ্ছভাবে চিনির সঙ্গে ক্ষতিকারক রাসায়নিক মেশাচ্ছেন। এ কারণে খেজুরের গুড়ের সুনাম হারাচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ছয়টি ইউনিয়নে ৬৮ হাজার ৮৯০টি খেজুরগাছ রয়েছে। এর মধ্যে রস আহরণের উপযোগী ৪১ হাজার ৮১০টি।

ইউএনও মোছা ইয়াসমিন আক্তার বলেন, এখানকার খেজুরের গুড়ের সুনাম দীর্ঘদিনের। ভেজাল গুড় তৈরি ও বিক্রির বিভিন্ন অভিযোগ এসেছে। সময়-সুযোগ বুঝে অভিযান চালানো হবে।