'গণিতে যে ভালো সে সবকিছুতেই ভালো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে গতকাল অনুষ্ঠিত ডাচ্‌-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবের প্রশ্নোত্তর পর্বে অতিথিদের উদ্দেশে প্রশ্ন এক খুদে শিক্ষার্থীর l ছবি: প্রথম আলো
কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে গতকাল অনুষ্ঠিত ডাচ্‌-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবের প্রশ্নোত্তর পর্বে অতিথিদের উদ্দেশে প্রশ্ন এক খুদে শিক্ষার্থীর l ছবি: প্রথম আলো

শীতের সকালে কুয়াশায় মোড়া চারদিক। সঙ্গে মৃদুমন্দ হিমেল হাওয়া। ঘুমের রাজ্য ছেড়ে সবকিছু পেছনে ফেলেই ছুটে চলল খুদে শিক্ষার্থীরা। গন্তব্য কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। সকাল সাড়ে আটটার আগেই কানায়-কানায় ভরে গেল বিদ্যালয়ের মাঠটি। গণিতের ভয় কাটিয়ে এ মাঠেই বিশ্বকে জয় করার শপথ নিল তারা।
গতকাল মঙ্গলবার এ বিদ্যালয় মাঠেই অনুষ্ঠিত হলো ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব। এতে অংশ নেওয়া কক্সবাজারের খুদে শিক্ষার্থীদের গণিতভীতি কাটিয়ে বিশ্বজয়ের শপথ করান জেলা প্রশাসক মো. আলী হোসেন। সকাল নয়টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ উৎসব উদ্বোধন করেন তিনি।
উৎসবে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডাচ্-বাংলা ব্যাংকের কক্সবাজার শাখার ব্যবস্থাপক মো. সাজ্জাদুর রহমান। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত দাশ। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করেন বন্ধুসভার সদস্যরা।
উৎসবে জেলার ৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬২১ জন শিক্ষার্থী অংশ নেয়। উৎসবে অন্যদের মধ্যে বক্তব্য দেন কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রদীপ্ত খীসা, কক্সবাজার পিটিআইর তত্ত্বাবধায়ক বেগম কামরুন্নাহার, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির প্রধান শিক্ষক মো. সৈয়দ করিম, কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন। উৎসবের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস।
উৎসবে খুদে শিক্ষার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, ‘গণিত যে জানে না, সে অন্ধ। আর গণিতে যে ভালো, সে সবকিছুতেই ভালো। তোমরা গণিতে কক্সবাজার জয় করে ঢাকায় যাবে। ঢাকায় বিজয়ী হয়ে হংকং। সেখানে মুখ উজ্জ্বল করবে বাংলাদেশের। আজ তোমাদের এ শপথ নিতে হবে।’ জবাবে শিক্ষার্থীরা হাত তুলে সমস্বরে হ্যাঁ বলে।
উৎসবস্থলে কথা হয় সেই ৬০ কিলোমিটার দূর থেকে আসা চকরিয়ার স্কুলছাত্র চৌধুরী মোহাম্মদ আদিল নেওয়াজের সঙ্গে। সে বলে, ‘প্রতিবছর প্রথম আলোর মাধ্যমে গণিত উৎসবের খবর জানতে পারি। গণিতভীতি দূর করে বিশ্বকে জয় করতেই এখানে ছুটে এসেছি।’
উৎসবের উদ্বোধনী পর্ব শেষে প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগে শিক্ষার্থীদের গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতা শুরু হয়। এরপর হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রশ্নোত্তর পর্ব ও পুরস্কার বিতরণী।
শিক্ষার্থীদের মজার সব প্রশ্ন আর অতিথিদের জবাবে প্রাণবন্ত হয়ে উঠেছিল প্রশ্নোত্তর পর্বটি। এ পর্বে কক্সবাজার মডেল হাইস্কুলের সাদ বিন মাহি প্রশ্ন করে, ‘গণিতের ব্যবহার কখন থেকে শুরু?’ কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নাফিসা আহমাদ নাওয়ার করে, ‘কম্পিউটার বাইনারি নম্বর ছাড়া আর কিছু বোঝে না কেন?’ একই বিদ্যালয়ের ফাহিমা বিনতে সুলাইমানের প্রশ্ন ছিল, ‘সর্বশেষ মৌলিক সংখ্যা কত?’ নওশিন তাবাসসুমের প্রশ্ন, ‘আইনস্টাইন ১৯১৬ সালে টাইম মেশিন তৈরি করেছিলেন। কিন্তু এখনো এ মেশিনের হদিস পাওয়া যায়নি কেন। তাহলে কি আইনস্টাইনের সেই সূত্র ভুল ছিল?’ এভাবে একের পর এক কৌতূহলী প্রশ্ন কিছুটা ভাবিয়ে তোলে বিচারকদেরও। তবে তাঁরা হাসিমুখেই সেসব প্রশ্নের জবাব দেন।
প্রতিযোগিতার বিচারক প্যানেলে ছিলেন বদরখালী কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল হক, কক্সবাজার সরকারি কলেজের শিক্ষক মফিদুল আলম ও নিজাম উদ্দিন ফারুকী, কক্সবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষক নির্মলেন্দু শর্মা, ভোলা সরকারি কলেজের শিক্ষক বিপ্লব পাল, আহছান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. মাসুম বিল্লাহ ও ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক ছিদ্দিকুর রহমান। পুরস্কার বিতরণ করেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী।
ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতা ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এই উৎসবের আয়োজন করেছে। কক্সবাজার অঞ্চলের এ আঞ্চলিক গণিত উৎসবে ৪০ জন শিক্ষার্থী বিজয়ী হয়। তারা আগামী ১২ ফেব্রুয়ারি ঢাকায় জাতীয় গণিত উৎসবে অংশ নেবে।