'গ্রেনেড' হামলা চালিয়ে নিজেই ধরা দিলেন সুশীল!

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কার্যালয়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর ‘গ্রেনেড’ হামলার পর নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েন সুশীল চাকমা (২৩)। গ্রামবাসীর মাধ্যমে খবর দিয়ে পরে নিজেই পুলিশের কাছে ধরা দেন তিনি।
সুশীল রাঙামাটি সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র। তিনি নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের মাইচছড়ি গ্রামের বাসু লাল চাকমার ছেলে।
জানা গেছে, গত রোববার দিবাগত রাতে সুশীল পুলিশ সদস্যদের ওপর ‘গ্রেনেড’ হামলা চালান। এতে কেউ হতাহত হননি। তবে চারটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আটক সুশীল নিজেকে আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সাবেক সদস্য বলে দাবি করেন। তবে ইউপিডিএফ-সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা সভাপতি বাবলু চাকমা তাঁর দাবি নাকচ করে বলেন, সুশীল তাঁদের সদস্য নন। এমনকি কখনো সমর্থকও ছিলেন না।
গতকাল বিকেল চারটার দিকে রাঙামাটি জেলা পুলিশ সুপার কার্যালয়ে সুশীলকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। তবে তাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি। পুলিশের কাছে সুশীলের স্বীকারোক্তি সাংবাদিকদের কাছে তুলে ধরেন পুলিশ সুপার আমেনা বেগম। পুলিশ সুপারের বক্তব্য সঠিক বলে সাংবাদিকদের জানান সুশীল।

পুলিশ সুপার বলেন, শহরের কালিন্দীপুর এলাকার চট্টগ্রাম-রাঙামাটি সড়কের পাশে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কার্যালয়ের উত্তর ফটকে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে গ্রেনেড হামলা চালানো হয়। হামলার পর সুশীল পাঁচ কিলোমিটার দূরে বাঙালি অধ্যুষিত শহরের রিজার্ভ বাজারের ‘পাহাড়িকা’ নামের একটি আবাসিক হোটেলে ওঠেন। হামলার প্রমাণ নষ্ট করতে তাঁকে মেরে ফেলা হতে পারে—এ আশঙ্কায় সুশীল গ্রামের বাড়িতে বিষয়টি জানিয়ে দেন। এ ছাড়া হোটেলের লোকজনকে বলেন, তিনি পুলিশের কাছে ধরা দিতে চান। পরে পুলিশ হোটেলে গিয়ে সুশীলকে আটক করে। এর আগে পুলিশ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে বসানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে হামলাকারী সুশীলকে শনাক্ত করে।
ফুটেজে দেখা যায়, রাত তিনটা ২৩ মিনিটে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের উত্তর দিক থেকে হেঁটে এসে আঞ্চলিক পরিষদ কার্যালয়ের উত্তর ফটকে গ্রেনেডের বিস্ফোরণ ঘটান সুশীল। এরপর তিনি দৌড়ে উত্তর দিকে চলে যান।
আমেনা বেগম বলেন, পুলিশ এ ঘটনায় সংশ্লিষ্ট আরও তিনজনকে শনাক্ত করেছে। তাঁরা সুশীলকে গ্রেনেড ফাটানোর কৌশল শিখিয়েছেন। তবে তদন্তের স্বার্থে এই তিন ব্যক্তির নাম প্রকাশ করা যাচ্ছে না। একটি দলের সঙ্গে সংশ্লিষ্ট ওই তিনজন সুশীলকে ৫০ হাজার টাকায় আঞ্চলিক পরিষদে গ্রেনেড হামলার জন্য নিয়োগ দেন। প্রথমে পাঁচ হাজার টাকা দিয়ে সুশীলকে গ্রেনেড হামলার জন্য পাঠানো হয়। তাঁদের লক্ষ্য ছিল, পুলিশের ওপর হামলা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করা।
পুলিশ সুপার জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার করা গ্রেনেডের অংশ দেখে মনে হচ্ছে, এটি শক্তিশালী গ্রেনেড। সেনাবাহিনী অথবা পুলিশের বোমা বিশেষজ্ঞদের কাছে এসব আলামত পাঠিয়ে গ্রেনেডটি কী ধরনের বা কোন দেশের, তা নিশ্চিত করা হবে।
গতকাল সকালে আঞ্চলিক পরিষদ কার্যালয়ে গিয়ে দেখা যায়, পুলিশ বিস্ফোরণস্থলটি ঘিরে রেখেছে। বিস্ফোরণস্থলে পাকা রাস্তায় সামান্য গর্ত হয়েছে। পাশের দেয়াল, একটি লিচুগাছ ও গাড়িতে ছোট ছোট ছিদ্র দেখা গেছে। গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে প্রায় ৪০ ফুট দূরে সামান্য উঁচুতে জেলা পরিষদ কার্যালয়ের সভাকক্ষের জানালার কাচ ছিদ্র হয়ে গেছে।
পরিষদের তথ্য কর্মকর্তা অম্লান চাকমা বলেন, বিস্ফোরণস্থলের সবচেয়ে কাছে থাকা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের একটি গাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পরিষদের নির্বাহী কর্মকর্তার পাজেরো জিপসহ আরও দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান। পরিষদের চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী বরুণ কুমার চাকমা বলেন, যারা চুক্তি বাস্তবায়ন চায় না, তারাই এ ঘটনা ঘটিয়েছে। আতঙ্ক সৃষ্টি ও পরিস্থিতি অস্থিতিশীল করতে এ হামলা চালানো হয়েছে।
গ্রেনেড হামলার ঘটনায় পুলিশ ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের পক্ষ থেকে আলাদা মামলার প্রস্তুতি চলছে।