'ঘর ওসনাই করে'

‘কুপির আলো নাল (লাল)। টিপটিপ করি জ্বলে। সোলার বাত্তির আলো সাদা। ঘর ওসনাই (আলোকিত) করে’—কথাগুলো সমস্তবানের (৮৫)। তাঁর বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর যাত্রাপুরে।
সমস্তবান প্রথম বিজলি বাতি দেখেন কুড়িগ্রাম শহরে। সে-ও অনেক বছর আগের কথা। স্বামীর সঙ্গে শহরে গিয়ে রাতে দোকানে বিজলি বাতি দেখে চমকে ওঠেন তিনি। বহু বছর পর ব্রহ্মপুত্রের চরে নিজের ঘরে সেই বিজলি বাতি প্রথম যেদিন অলো ছড়াল, সেদিনও চমকে উঠেছিলেন তিনি। সেই বিস্ময়ের ঘোর এখনো আছে তাঁর। তিনি বলেন, ‘কোনো দিন স্বপ্নেও ভাবি নাই, হেই বাতি আমাগেরে চরের বাড়িতে আইব।’
শুধু সমস্তবানের বাড়ি নয়, চর যাত্রাপুরের অনেক বাড়িতে পৌঁছে গেছে সোলার বা সৌর বাতি। চরের ধুলোময় কাঁচা সড়ক দিয়ে হেঁটে গেলে রাতে অনেক বাড়ি থেকেই টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানের শব্দ পাওয়া যায়। অথচ কয়েক বছর আগেও সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যেত চরের চারপাশ। বেচা-কেনা, হাঁটাচলাও প্রায় বন্ধ হয়ে যেত। বছরের পর বছর ধরে চলে আসা চরের এই জীবনযাত্রা সোলার বাতির কল্যাণে ধীরে ধীরে পাল্টাতে শুরু করেছে।
কেমন সেই পরিবর্তন, এটা বোঝা যায় চর যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী চায়না খাতুনের কথায়। সে বলে, ‘আগে কুপির আলোতে পড়তে কষ্ট হইত। এখন সোলার বাতিতে পড়াশোনা করি। পরিষ্কার দেখা যায়। টেলিভিশনে সব খবর পাই আমরা; অনুষ্ঠান দেখি, নাটক, গান দেখি।’
সোলার বাতি নিয়ে এখনো ঘোর কাটেনি এলাকার সবচেয়ে প্রবীণ ব্যক্তি সমশের আলীর (৯৫)। চোখেমুখে এখনো বিস্ময় তাঁর। তিনি বলেন, ‘আরও কত কি দেখমো বাবা। এল্যা চরোত বাতি জ্বলে। ছাওয়া পাওয়ার লেখাপড়ার সুবিধা। গরমের সময় ফ্যান চলে।’
চর যাত্রাপুরের বিভিন্ন পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, আগে কুপি জ্বালাতে সপ্তাহে কেরোসিন বাবদ খরচ হতো ২২০ টাকা। সোলার বাতি আসায় সেই খরচ আর লাগে না। এ ছাড়া মুঠোফোনের ব্যাটারি চার্জ দিতেও সুবিধা হয়েছে তাঁদের। আগের মতো এখন আর যাত্রাপুর বাজারে যেতে হয় না।
যাত্রাপুর ঘাটে গিয়ে দেখা যায় ২০টি দোকান। সব কটি দোকানের চালে সোলার প্যানেল বসানো আছে। দোকানে কেউ টিভি দেখছে। গান শুনছে।
যাত্রাপুর বাজারে মুঠোফোনের ব্যাটারি চার্জ দেওয়ার দোকান আছে আটটি। এ রকম একটি দোকান চালান মোয়াজ্জেম হোসেন। তিনি বলেন, অনেক বাড়িতে বাড়িতে সোলার বাতি আছে। এ কারণে গ্রহক কমে গেছে। আগে প্রতি হাটে ৬০০ মোবাইল চার্জ দিতাম। এখন ২০০ থেকে ৩০০।
সৌরবিদ্যুতের মাধ্যমে চরাঞ্চলে ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়েছে। চর যাত্রাপুরের মুদি দোকানদার আবদুস ছাত্তার বলেন, আগে সন্ধ্যা নামলেই দোকানপাট বন্ধ করে বাড়ি যেতে হতো। এখন আলো থাকায় অনেক রাত পর্যন্ত লোকজন থাকছে। বিক্রিও বেড়েছে।
কুড়িগ্রামে গ্রামীণ শক্তিসহ দুটি প্রতিষ্ঠান সৌরবিদ্যুতের প্যানেল সরবরাহ করছে। গ্রামীণ শক্তির কুড়িগ্রাম আঞ্চলের ব্যবস্থাপক সামছুল ইসলাম জানান, ২০০৫ সাল থেকে তাঁরা সোলার প্যানেল বসানোর কাজ করছেন। এ পর্যন্ত জেলায় ১২ হাজার সোলার প্যানেল সরবরাহ করা হয়েছে। তিনি বলেন, প্রতি মাসে গড়ে ৩০০ সোলার বিক্রি হয়। ১৫ থেকে ১৩৫ ওয়াট ক্ষমতার সোলার প্যানেলের বিক্রি বেশি। দাম ১২ থেকে ৫০ হাজার টাকার মধ্যে। গ্রহকেরা কিস্তিতেও সোলার প্যানেল কেনার সুযোগ পান।