চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসব
'ছাত্ররাজনীতির নামে ক্ষুদ্র ব্যবসায়ীতে কেউ যাতে পরিণত না হয়'
অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে ছাত্ররাজনীতির বর্তমান কলুষিত অবস্থার অবসান ঘটাতে হবে। বিশ্ববিদ্যালয় এমন ছাত্ররাজনীতির জায়গা হতে পারে না, যেখানে কেউ ক্ষুদ্র ব্যবসায়ীতে পরিণত হয়। ক্যাম্পাসে সহিংসতা-সন্ত্রাস বন্ধ করতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৫০ বছর পূর্তি উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হল মাঠে অর্থনীতি বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসবের আয়োজন করা হয়। সুবর্ণজয়ন্তী বক্তা ছিলেন অর্থনীতিবিদ রেহমান সোবহান। ১৯৬৬ সালে যে চারটি বিভাগ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করেছিল, তার একটি ছিল অর্থনীতি বিভাগ।
অনুষ্ঠানে রেহমান সোবহান বলেন, সবার জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হবে। বাড়াতে হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার মান। ঢাকা ও চট্টগ্রামের মতো সারা দেশে ভালো মানের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি করতে হবে। তিনি বলেন, দেশের একমাত্র নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক। তাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ অনন্য। সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে তাঁর জায়গায় মুহাম্মদ ইউনূসের উপস্থিত থাকার কথা ছিল বলে জানান তিনি।
সুবর্ণজয়ন্তী বক্তা রেহমান সোবহান বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের কথা বলি। কিন্তু সে স্বপ্ন বাস্তবায়নে সত্যিকার অর্থে কয়জন কাজ করছেন? বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গঠনে সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক ও জাতীয়তাবাদের চেতনায় সমাজকে গঠন করতে হবে। আশা করি এখানে উপস্থিত তরুণেরা এই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবে। মানুষের-মানুষে ভেদাভেদ দূর করতে হবে।’
অনুষ্ঠানের অতিথি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ বলেন, ‘তোমরা আলো ছড়ানোর জন্য প্রস্তুত হও। যেটি তোমাকে সুখী করবে, তার পেছনে ছুটে যাও। জীবনের অর্থ হলো ভদ্র হওয়া, নম্র হওয়া এবং সবার সঙ্গে সুখ ভাগ করে নেওয়া। নিজের স্বপ্নের সঙ্গে মা ও বাবার স্বপ্নকে মেলাও। জীবনে পথ চলতে হবে জীবনকে শক্ত করে ধরে।’ আনিসুল হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন ছাত্র।
অনুষ্ঠানে অর্থনীতিবিদ অধ্যাপক মইনুল ইসলাম বলেন, ‘বক্তব্য দিতে উঠে আমার কান্না পাচ্ছে। কারণ, আমরা প্রফেসর ইউনূসকে সঙ্গে রাখতে পারিনি। সারা বিশ্ব যাঁর মাধ্যমে বাংলাদেশকে চেনে, তাঁকে আমরা আসলে এখন অসম্মান করছি। আমি চাই, আল্লাহের ওয়াস্তে অসম্মানের পর্ব শেষ করা হোক।’ তিনি বলেন, ‘আপনারা হয়তো অনেকেই জানেন না, প্রধানমন্ত্রী আমাকে একপর্যায়ে সমঝোতার ব্যবস্থা করতে বললেন। আমি অনেকখানি এগিয়ে গেলাম। কিন্তু কী ঘটল তা আমি জানি না। এরপর আমি নিজের এই ভূমিকা পরিত্যাগ করেছি।’
ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দর খান বলেন, ‘ভালো লোকগুলো চুপ হয়ে গেছে। এটি ঠিক নয়। খারাপ লোকগুলো কথা বলছে।’ তিনি বলেন, ‘চুপ করে থাকবেন না। ভালো মানুষ সব জায়গায় সব দলে আছেন। তাঁদের কথা বলতে দিন।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সভাপতি মোহাম্মদ আবুল হোসাইনের সভাপতিত্বে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। বক্তব্য দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আলী আশরাফ, অর্থনীতি বিভাগের অধ্যাপক মুহাম্মদ আবদুল মান্নান চৌধুরী, চট্টগ্রাম ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ইরশাদ কামাল খান প্রমুখ।
সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে ড. ইউনূসের অনুপস্থিতির বিষয়ে অর্থনীতি বিভাগের সভাপতি মোহাম্মদ আবুল হোসাইন প্রথম আলোকে বলেন, ‘আমরা তাঁকে (ড. ইউনূস) সুবর্ণজয়ন্তী বক্তা হিসেবে চেয়েছিলাম। কিন্তু তিনি আসতে পারবেন না বলে জানান।’