'ছায়ানীড়' থেকে ২০ বাসিন্দাকে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ছায়ানীড়’ বাড়ি থেকে উদ্ধার হওয়া এক বাসিন্দা। ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
‘ছায়ানীড়’ বাড়ি থেকে উদ্ধার হওয়া এক বাসিন্দা। ছবি: কৃষ্ণ চন্দ্র দাস

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার প্রেমতলা চৌধুরীপাড়া এলাকার ‘ছায়ানীড়’ বাড়ি থেকে ২০ জন বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাঁদের উদ্ধার করা হয়।

দোতলা বাড়িটি ঘিরে আজ সকালে জঙ্গিবিরোধী অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানকালে চার জঙ্গি নিহত হয়েছে।

ঘটনাস্থলে থাকা পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. শফিকুল ইসলাম সকাল সাড়ে ১০টার দিকে সাংবাদিকদের বলেন, বাড়ির ভেতরে থাকা চার জঙ্গি নিহত হয়েছে। আটকে পড়া ২০ জন বাসিন্দাকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। বাড়ির ভেতরে আর কোনো বাসিন্দা নেই।

শফিকুল ইসলাম বলেন, দোতলা বাড়িটিতে গতকাল বুধবার রাত থেকেই অভিযান চালানোর চেষ্টা করা হয়। কিন্তু বাড়ির ভেতরে আটকা পড়া বাসিন্দাদের নিরাপদে বের করে আনার জন্য আজ সকাল ছয়টায় অভিযান শুরু করা হয়।

অভিযানকালে বাড়ির বাসিন্দাদের বের করে আনতে ভবনের পেছনের জানালার গ্রিল কাটার তথ্য জানায় পুলিশ। পরে একেক করে ২০ জন বাসিন্দাকে উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন উদ্ধার হওয়া কয়েকজন বাসিন্দা। ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন উদ্ধার হওয়া কয়েকজন বাসিন্দা। ছবি: কৃষ্ণ চন্দ্র দাস

সীতাকুণ্ড পৌরসভার কাউন্সিলর শফিউল আলম সাংবাদিকদের বলেন, বাড়ি থেকে উদ্ধার হওয়া বাসিন্দাদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। তাঁরা শারীরিকভাবে অক্ষত আছেন। তবে ধকল ও মানসিক কারণে তাঁরা বিপর্যস্ত। তাই তাঁদের সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে।

গতকাল বেলা সাড়ে তিনটা থেকে বাড়িটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাত ১১টা পর্যন্ত বাড়ির ভেতর থেকে তিন দফায় পুলিশকে লক্ষ্য করে গুলি ও বোমা ছুড়ে মারে জঙ্গিরা। এতে পুলিশের এক কর্মকর্তা আহত হন। পরে জঙ্গি আস্তানা লক্ষ্য করে পুলিশও কয়েক দফা গুলি ছোড়ে।

এর আগে বিকেল পাঁচটা ও সন্ধ্যা ছয়টায় দুই দফা ওই বাড়িতে থাকা জঙ্গিদের বের হওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়। তবে ভেতর থেকে জঙ্গিরা সাড়া দেয়নি।

সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন উদ্ধার হওয়া এক শিশু বাসিন্দা। ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন উদ্ধার হওয়া এক শিশু বাসিন্দা। ছবি: কৃষ্ণ চন্দ্র দাস

গত রাত পৌনে একটায় দুটি মাইক্রোবাস ও একটি পিকআপ ভ্যানে করে ঢাকা থেকে সোয়াট দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এর আগে ঢাকা থেকে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল আসে। আর আগেই চট্টগ্রাম থেকে র‍্যাব, সোয়াট ও পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা সেখানে যান।

সীতাকুণ্ড পৌরসভা এলাকার একজন বাড়ির মালিকের দেওয়া তথ্যের ভিত্তিতে এই জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। গতকাল বেলা তিনটায় ওই বাড়ির মালিকই প্রথমে পৌরসভার আমিরাবাদ এলাকায় তাঁর দোতলা বাড়িতে পুলিশকে ডেকে আনেন। বাড়ির ভাড়াটে জঙ্গি তৎপরতায় জড়িত—এমন সন্দেহের কথা পুলিশকে জানান তিনি। পরে পুলিশ বাড়ির নিচতলার একটি ফ্ল্যাট থেকে তিনটি গ্রেনেড, একটি সুইসাইড ভেস্ট (আত্মঘাতী হামলার জন্য বোমার তৈরি বেল্ট), পিস্তল, বুলেট, বোমা তৈরির বিপুল সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয় এক দম্পতিকে। তাঁদের সঙ্গে দুই মাসের একটি শিশুও রয়েছে।

গ্রেপ্তার দুজনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই প্রেমতলা চৌধুরীপাড়া এলাকার ছায়ানীড় বাড়িতে অভিযানে যায় পুলিশ।