'জঙ্গি পরিবার' নিয়ে রিকশাচালকের অভিজ্ঞতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার সদর উপজেলার নাসিরপুরে জঙ্গি আস্তানা ঘিরে গতকাল বুধবার অভিযান শুরু হয়। ছবি: সংগৃহীত
মৌলভীবাজার সদর উপজেলার নাসিরপুরে জঙ্গি আস্তানা ঘিরে গতকাল বুধবার অভিযান শুরু হয়। ছবি: সংগৃহীত

মৌলভীবাজার সদর উপজেলার নাসিরপুরের ‘জঙ্গি আস্তানার’ পাশের বাড়িতে থাকা রিকশাচালক তাঁর সন্দেহভাজন প্রতিবেশী সম্পর্কে নিজের অভিজ্ঞতার কথা আজ বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে জানিয়েছেন। তিনি বলেছেন, তাঁকে দেখলেই ওই পরিবারের সদস্যরা ঘরের ভেতরে চলে যেতেন।

গতকাল বুধবার ভোরে নাসিরপুরে একটি ‘জঙ্গি আস্তানা’ শনাক্ত করে তা ঘিরে রাখে পুলিশ। পরে বাড়িটিতে অভিযান শুরু করা হয়। এর আগে গত মঙ্গলবার রাতে মৌলভীবাজার শহরের বড়হাট আবুশাহ দাখিল মাদ্রাসা গলিতে আরেকটি ‘জঙ্গি আস্তানা’ শনাক্ত করে তা ঘিরে রাখে পুলিশ।

বড়হাট ও নাসিরপুরের দুটি বাড়ির মালিক একজন। তিনি লন্ডনপ্রবাসী। নাম সাইফুর রহমান।

নাসিরপুরের গাছঘেরা বাগানবাড়িতে তিনটি পৃথক টিনশেড বাড়ি রয়েছে। একটিতে বাড়ির তত্ত্বাবধায়ক ও মালিকের আত্মীয় জুয়েল পরিবার নিয়ে থাকেন। এক ঘরের একটি বাড়িতে থাকেন ওই রিকশাচালক। আর অন্য বাড়িটি ভাড়া নিয়েছিল সন্দেহভাজন জঙ্গিরা। সেখানে তিনটি ঘর রয়েছে।

রিকশাচালক বলেন, গত তিন মাসে সন্দেহভাজন পরিবারের দুজন পুরুষ সদস্যকে দেখেছেন তিনি। তাঁদের মধ্যে একজনের বয়স ৪৫ থেকে ৫০ বছর। আরেকজনের বয়স ৩০ থেকে ৩২ বছর। তাঁরা সম্ভবত শ্বশুর-জামাতা।

রিকশাচালক বলেন, বয়স্ক পুরুষ ব্যক্তির সঙ্গে তাঁর একবার কথা হয়েছে। তিনি নিজেকে কাপড় ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন। আর অন্য পুরুষ ব্যক্তি একটি কোম্পানিতে কাজ করেন বলে জানানো হয়। তাঁরা কোনো নির্দিষ্ট সময়সূচি মেনে বাড়ির বাইরে যেতেন না।

রিকশাচালকের ভাষ্য, বয়স্ক লোকটির পাঁচ সন্তান আছে বলে তাঁর মনে হয়েছে। সবার বড় মেয়ে। তিনি বিবাহিত, সঙ্গে স্বামী আছেন। বয়স্ক ব্যক্তির এক সন্তান কোলের শিশু। বাকি তিন কন্যাশিশুর বয়স দুই থেকে সাত বছর। পাঁচ থেকে সাত বছর বয়সী দুই কন্যাশিশু বোরকার মতো পোশাক পরে থাকত। তিন শিশু মাঝেমধ্যে খেলতে ঘরের বাইরে বের হতো। এ সময় তাদের সঙ্গে বয়স্ক ব্যক্তিকেও দেখা যেত। তাঁকে (রিকশাচালক) দেখলে বয়স্ক ব্যক্তিসহ শিশুরা ঘরের ভেতরে চলে যেত। বয়স্ক ব্যক্তির স্ত্রী ও তাঁর বড় মেয়েকে কখনো দেখেননি রিকশাচালক।

রিকশাচালকের ভাষ্য, সন্দেহভাজন জঙ্গি পরিবারটি তাদের ঘরের দরজা-জানালায় পর্দা দিয়ে রাখত। ফলে তাদের ঘরের ভেতরে কী আছে বা কী হচ্ছে, তা বোঝা যেত না।