
জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা অভিযোগ করেছেন, ‘পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের অস্তিত্ব বিলুপ্তির জন্য যা যা করা দরকার, সরকার তা করে চলেছে। আমরা যদি এটি বুঝতে না পারি, তাহলে কোনো দিন অধিকার আদায় করা যাবে না।’
গতকাল শনিবার সকালে রাঙামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম হেডম্যান সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এ অভিযোগ করেন। দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চাকমা সার্কেলপ্রধান রাজা দেবাশীষ রায়।
অনেক হেডম্যান সরকারের লেজুড়বৃত্তি করছেন—এমন অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা বলেন, হেডম্যানরা একজোট থাকলে সরকার চুক্তি বাস্তবায়ন করতে বাধ্য হবে। তিনি বলেন, ‘চুক্তি বাস্তবায়নে যে ঐক্য ও সংহতির প্রয়োজন, তা আমাদের মধ্যে নেই। আমাদের চিন্তাধারা এক নয়।’
অনুষ্ঠানে চাকমা সার্কেলপ্রধান রাজা দেবাশীষ রায় বলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, পার্বত্য জেলা পরিষদ ও প্রথাগত নেতারা (মৌজাপ্রধান-হেডম্যান, গ্রামপ্রধান-কার্বারি) একযোগে কাজ করলে পার্বত্য চুক্তিতে পাওয়া অধিকার অবশ্যই সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। তিনি বলেন, সরকারের বিমাতাসুলভ আচরণের কারণে প্রথাগত প্রতিষ্ঠানগুলো অবহেলিত রয়ে গেছে। ভূমি থেকে খাজনা আদায় করে যে অংশ পাওয়া যায়, তা দিয়ে একজন হেডম্যানের দপ্তর চালানো সম্ভব নয়। কোনো কিছু করতে গেলে সরকারের কাছে ভিক্ষার হাত বাড়াতে হয়।
অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ভূমি কমিশনকে কার্যকর করার আহ্বান জানিয়ে বলেন, ভূমি না থাকলে অধিকার বাস্তবায়ন হবে না। ভারত থেকে ফিরে আসা শরণার্থীদের পুনর্বাসন করে পার্বত্য চট্টগ্রামকে উন্নয়নের ধারায় শামিল করতে হবে।
হেডম্যান সম্মেলনের উদ্বোধনী আয়োজনে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম হেডম্যান নেটওয়ার্কের সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজুরী চৌধুরী। বক্তব্য দেন এএলআরডির উপনির্বাহী পরিচালক রওশন জাহান, কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমা ও হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা। হেডম্যান সম্মেলন আয়োজনে সহযোগিতা দিচ্ছে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, বেসরকারি সংগঠন মানুষের জন্য ফাউন্ডেশন, এএলআরডি ও কাপেং ফাউন্ডেশন।