'ঝরে পড়া ও অতি দরিদ্র শিশুদের শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার নগরের বস্তি এলাকায় বসবাসকারী অতিদরিদ্র ও ছিন্নমূল শিশুদের শিক্ষার মূল ধারায় আনতে নানা কর্মসূচি নিয়েছে। এর অংশ হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের ‘রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক)’ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের আওতায় চট্টগ্রামসহ ১১টি সিটি করপোরেশনে ‘বস্তির শিশুদের শিক্ষা কার্যক্রম’ পরিচালিত হচ্ছে।
২৩ এপ্রিল বেলা ১১টায় ঝরে পড়া শিশুদের শিক্ষাসংক্রান্ত এক সেমিনারে এ কথা বলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। সিটি করপোরেশনের সভাকক্ষে এই সেমিনারের আয়োজন করে রস্ক প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টস (বিটা)। সার্বিক সহযোগিতায় ছিল আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন।
সেমিনারে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত সচিব ও রস্ক প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) পরিচালক এম মিজানুর রহমান। অতিথি ছিলেন রস্ক প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান মল্লিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুকুর রহমান সিকদার, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা, সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তা ফ্রেডরিক ক্রিস্টোফার ও বিটার নির্বাহী পরিচালক শিশির দত্ত।
সেমিনারে বক্তারা বলেন, এই প্রকল্পের আওতায় ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনের ৫০ হাজার বিদ্যালয়বহির্ভূত শিশুকে শিক্ষা দেওয়া হবে।