'ডাক্তার আসিবার পূর্বে' পালালেন রোগী
করোনাভাইরাসের উপসর্গ জ্বর, সর্দি, কাশি নিয়ে চার দিন আগে নারায়ণগঞ্জ থেকে ফিরেছিলেন তিনি। এলাকাবাসী বিষয়টি জানতে পেরে খবর দেন উপজেলা প্রশাসনকে। এরপর করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য স্বাস্থ্য বিভাগের একটি চিকিৎসা দল তাঁর বাড়িতে আসে। কিন্তু এসে দেখে, রোগী বাড়িতে নেই। চিকিৎসা দল আসার খবর পেয়ে তিনি বাড়ি থেকে পালিয়ে যান।
গতকাল শনিবার বিকেলে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদো সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। আবদুল খালেক (৩৫) নামের ওই রোগীকে খুঁজে বের করার চেষ্টা করছে প্রশাসন।
মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আতিকুল ইসলাম বলেন, ওই গ্রামের বাসিন্দা লিয়াকত আলীর ছেলে আবদুল খালেক নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় কাজ করতেন। চার দিন আগে করোনাভাইরাসের উপসর্গ জ্বর, সর্দি ও কাশি নিয়ে বাড়ি ফেরেন তিনি। ঘটনাটি স্থানীয় লোকজন উপজেলা প্রশাসনকে অবহিত করলে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি চিকিৎসা দল নমুনা সংগ্রহের জন্য ওই বাড়িতে যায়। কিন্তু চিকিৎসা দল আসার খবর পেয়ে কৌশলে পালিয়ে যান খালেক।
তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জামাল মিয়া বলেন, তাড়াশ উপজেলাসহ সিরাজগঞ্জে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়নি। করোনার উপসর্গ রয়েছে এমন মানুষের খবর পাওয়ামাত্রই চিকিৎসা দলের মাধ্যমে নমুনা সংগ্রহ করা হচ্ছে। গতকাল উপজেলায় দুজনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান বিষয়টি নিশ্চিত করে আজ রোববার বিকেলে প্রথম আলোকে জানান, উপজেলায় এর আগে একজনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। তাঁর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। পলাতক ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা চলছে।