'দুর্যোগ তো দেখি আমরার পিছন ছাড়ের না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বৈশাখ মাসে হাওরের বোরো ধান গেল। এরপর তুফানে ভাঙল ঘর। হাওরের মাছও মরল। এখন আবার বইন্যা আইছে। কিছু আমন ধান লাইছিলাম, ইতাও ডুবি গেছে। ঘরও পানি। বউ-বাইচ্ছা লইয়া মহাবিপদে আছি। খানি নাই, কোনো কাজও নাই। আমরা কি-লা বাঁচতাম।’

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরপাড়ের কৃষক জমির মিয়া (৪৮) এভাবেই তাঁর চরম অসহায়ত্বের কথা বলছিলেন। পরিবার-পরিজন নিয়ে তিন দিন ধরে পানিবন্দী অবস্থায় আছেন তিনি। স্ত্রী আর চার ছেলেমেয়ে নিয়ে জমির মিয়ার সংসার। গতকাল রোববার দুপুরে বাড়ির সামনে সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কের ওপর দাঁড়িয়ে কথা হচ্ছিল জমির মিয়ার সঙ্গে। তিনি জানান, হাওরে ছোট জাল দিয়ে কিছু মাছ ধরেছিলেন। তা বিক্রি করে তিন কেজি চাল কিনেছেন। এই চাল নিয়ে ঘরে গেলে ভাত রান্না হবে। এরপর সবাইকে নিয়ে খাবেন। পরের দিনের চাল-পাতের ব্যবস্থা হবে কি না, সেটা অনিশ্চিত।

শুধু জমির মিয়া একা নন, সুনামগঞ্জের হাওর এলাকার অধিকাংশ কৃষক পরিবারের এখন এই দুর্দশা। গত বৃহস্পতিবার থেকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবর্ষণে জেলার আটটি উপজেলায় বন্যা দেখা দিয়েছে। বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে।

দুর্যোগ যেন সুনামগঞ্জের মানুষের পিছু ছাড়ছে না। গত এপ্রিলে জেলার প্রধান ফসল বোরো ধান তলিয়ে গেছে। সেই সঙ্গে মরেছে হাওরের মাছ। অনেকেই কালবৈশাখীতে হারিয়েছেন মাথা গোঁজার ঠাঁই। এমনিতেই হাওর এলাকার ফসলহারা নিঃস্ব-অসহায় মানুষের দিন যাচ্ছে সীমাহীন কষ্টে। তার ওপর এখন নতুন দুর্যোগ—বন্যা দেখা দিয়েছে। হাওরের বড় বড় আফালে (ঢেউ) ক্ষতিগ্রস্ত হচ্ছে পানিবন্দী মানুষের ঘরবাড়ি। অনাহারে-অর্ধাহারে টিকে থাকা মানুষগুলোর সামনে বন্যা যেন খাঁড়ার উপর মড়ার ঘা হয়ে এসেছে।

সদর উপজেলার নিধিরচর গ্রামের কৃষক আসক আলী (৪৫) বলেন, তিনিও ফসলহারা কৃষক। এরপর ঝড়ে ঘর ভেঙেছে। ধারদেনা করে তিন কেদার জমিতে আমন ধানের চারা লাগিয়েছিলেন। এই ধানও বন্যার পানিতে তলিয়ে গেছে। পাঁচ মেয়ে, দুই ছেলেসহ নয়জনের পরিবার তিনি একাই চালান। দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে আসক আলী বলেন, ‘এখন আর চলার কোনো পথ নাই। কার কাছে যাইমু, কার কাছে সাহায্য চাইমু। সবার অবস্থা আমার মতোই।’

একের পর এক দুর্যোগকে নিয়তি হিসেবেই মেনে নিয়েছেন সদর উপজেলার বেড়াজালি গ্রামের কৃষক মন্তাজ আলী (৬০), শফিকুল হক (৫০) ও দুলাল মিয়া (৩৫)। শফিকুল হক বলেন, ‘কিতা খরতাম খইন। দুর্যোগ তো দেখি আমরার পিছন ছাড়ের না।’

সুনামগঞ্জে গত এপ্রিল মাসে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে ফসলরক্ষা বাঁধ ভেঙে জেলার ১৫৪টি হাওরের বোরো ফসল তলিয়ে যায়। জেলায় ২ লাখ ২৩ হাজার ৮২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল। সরকারি হিসাবে ফসল হারিয়ে ক্ষতিগ্রস্ত হয় জেলার ৩ লাখ ২৫ হাজার ৯৯০টি কৃষক পরিবার। এর মধ্যে বিশেষ ভিজিএফের মাধ্যমে ত্রাণসহায়তা হিসেবে প্রতি মাসে ১ লাখ ৬৮ হাজার পরিবারকে ৩০ কেজি করে চাল ও নগদ ৫০০ টাকা করে দেওয়া হচ্ছে। এই সহায়তার বাইরে আছে আরও ১ লাখ ৫৭ হাজার ৯৯০টি পরিবার, যারা অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। একই সময় কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত হয় প্রায় ৩০ হাজার ঘরবাড়ি। হাওরে কাঁচা ধান তলিয়ে পানিদূষণে মারা যায় ৫০ মেট্রিক টন মাছ। এখন বন্যার পানিতে সাড়ে ৪ হাজার হেক্টর জমির রোপা আমন ও ৬১২ হেক্টর জমির বীজতলা তলিয়ে গেছে। এই ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে জেলা কৃষি বিভাগ জানিয়েছে।

তাহিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি বলেন, হাওরে ফসলডুবি হয়েছিল পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে ফসলরক্ষা বাঁধ ভেঙে। তখন ওইভাবে বন্যা হয়নি। মানুষের ঘরে-রাস্তাঘাটে পানি ওঠেনি। বন্যা হয়েছে এখন। মানুষের ঘরবাড়ি-রাস্তাঘাটের ক্ষতি হচ্ছে। ফসলহারা মানুষজন এখন মহা সংকটে পড়েছে। মানুষ কতটা সংকটে আছে, সেটা চোখে না দেখলে বোঝা যাবে না।

‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ সংগঠনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী বলেন, হাওর এলাকার ফসলহারা মানুষ আর কত লড়াই করবে। একটার পর একটা দুর্যোগ আসছে তাদের সামনে। এখন বন্যা হওয়ায় মানুষের সংকট আরও প্রকট হলো। সুনামগঞ্জের হাওর এলাকার মানুষের প্রতি সরকারের আরও বেশি করে দৃষ্টি দেওয়া উচিত বলে তিনি মনে করেন। সরকারি সহায়তা বাড়ানো দরকার। কিন্তু সেটা তো হচ্ছে না।

হাওরের ফসলহারা আরও ১ লাখ কৃষক পরিবারকে বিশেষ ভিজিএফের আওতায় আনার জন্য গত এপ্রিল মাসেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল জেলা প্রশাসন। কিন্তু সেটা হয়নি। এখন বন্যা হওয়ায় আবার একই চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা হাওরের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছি। বন্যা পরিস্থিতি মোকাবিলায়ও সবাইকে নিয়ে কাজ করছি।’