'দেশকে অস্থিতিশীল করতেই পরিকল্পিত গুপ্তহত্যা'

দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিত, সেবক, ধর্মযাজকদের হত্যা করা হচ্ছে। সরকার এ ধরনের গুপ্তহত্যা বন্ধে কাজ করছে। খুব দ্রুত খুনিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।
গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এসব কথা বলেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। সারা দেশে গুপ্তহত্যাসহ সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ।
মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের কার্যকরী সভাপতি বিমল কান্তি দে। সঞ্চালনা করেন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক চন্দন তালুকদার।
সমাবেশে বক্তারা বলেন, দেশব্যাপী এসব হত্যা এড়াতে পারে না সরকার ও প্রশাসন। অবিলম্বে এসব হত্যা, গুম বন্ধ না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। খুনি ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
মানববন্ধনে চট্টগ্রামের বিভিন্ন মঠ-মন্দির, ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠান এবং বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।