'দেশের অনেক মানুষ স্বাস্থ্য সচেতন নয়, পরিষ্কার পরিচ্ছন্নতায় উদাসীন'
‘হাইজিন প্রসারের জাতীয় কৌশলপত্র ২০১২ অবহিতকরণ’ শীর্ষক কর্মশালা গত বুধবার নগরের সার্কিট হাউসের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেছেন, ‘আমাদের দেশের অনেক মানুষ এখনো স্বাস্থ্যসচেতন নয়, পরিষ্কার–পরিচ্ছন্নতার উদাসীন। একটি সঠিক কৌশলপত্র প্রণয়ন করা গেলে এ থেকে পরিত্রাণ সম্ভব।’
স্থানীয় সরকার বিভাগ আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ। এতে সহযোগিতা করে দুস্থ স্বাস্থ্যকেন্দ্র (ডিএসকে) এবং ওয়াটার এইড বাংলাদেশ। জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা। আলোচনায় অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মো. আবুল হাশিম, ওয়াশ অ্যাডভাইজার, পলিসি সাপোর্ট ইউনিটের এস এম মনিরুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রাম সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এ কে এম ইব্রাহীম, ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ মো. খায়রুল ইসলাম, ডিএসকের নির্বাহী পরিচালক দিবালোক সিংহ প্রমুখ।