'নগর চত্বর' তুলে 'কামরান চত্বর' নামফলক বসাল যুবলীগ-ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের কেন্দ্রস্থলে ‘নগর চত্বর’ নামফলক অপসারণ করে নতুন নামফলক ‘জনতার কামরান চত্বর’ সাঁটানো হয়েছে। সোমবার দুপুরে। ছবি: প্রথম আলো
সিলেট নগরের কেন্দ্রস্থলে ‘নগর চত্বর’ নামফলক অপসারণ করে নতুন নামফলক ‘জনতার কামরান চত্বর’ সাঁটানো হয়েছে। সোমবার দুপুরে। ছবি: প্রথম আলো

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হকের স্থাপিত নগরীর কেন্দ্রস্থলের মোড়ের নতুন ফলক ‘নগর চত্বর’ তুলে সাবেক মেয়র প্রয়াত বদরউদ্দিন আহমদ কামরানের নামে ‘জনতার কামরান চত্বর’ নামফলক স্থাপন করেছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ।

সোমবার দুপুরে সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাসের নেতৃত্বে নেতা-কর্মীরা সেখানে অবস্থান নিয়ে এক দফা বিক্ষোভ করেন। পরে নগর চত্বর নামফলক তুলে ‘জনতার কামরান চত্বর’ লেখা নতুন নামফলক স্থাপন করেন।

রোববার সন্ধ্যায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নগর চত্বরের নতুন নামফলক স্থাপন করেছিলেন। সিটি করপোরেশন সূত্র জানায়, নগরীর সৌন্দর্যবর্ধন প্রকল্পের আওতায় নগর ভবনের সামনের গুরুত্বপূর্ণ মোড়ের ট্রাফিক আইল্যান্ডে স্থাপন করা হয় সিলেটের ঐতিহ্য আলী আমজদের ঘড়িঘরের আদলে একটি স্মারকস্তম্ভ। মোড়ের নতুন নামফলক ‘নগর চত্বর’ উন্মোচনের মধ্য দিয়ে রোববার সন্ধ্যায় উদ্বোধন করা হয়েছিল।

রোববার রাতে সিটি করপোরেশনের জনসংযোগ দপ্তর থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের (ইউসিবি) আর্থায়ণে নগরীর সৌন্দর্যবর্ধনে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। ডিজাইন আর্টিস্টি নামের একটি স্থাপত্য সংস্থা স্থাপত্যটি সেখানে স্থাপন করে। উদ্বোধন অনুষ্ঠানে মেয়র বলেন, সিলেটের ইতিহাস–ঐতিহ্যকে লালন করেই নগরীকে সাজানো হচ্ছে। সিলেট সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে সৌন্দর্যবর্ধন অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। নির্মিত অবকাঠামোগুলোতে নগরীর ট্রাফিক কার্যক্রম পরিচালনায় সহায়ক ব্যবস্থা রাখা হয়েছে।

যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাদের দাবি, সিলেট সিটি করপোশেনের প্রতিষ্ঠাকালীন মেয়র ছিলেন বদরউদ্দিন আহমদ কামরান। সিলেট পৌরসভার চেয়ারম্যান ও সিটি করপোরেশনের মেয়র পদে টানা প্রায় ১৮ বছর ছিলেন তিনি। গত ১৫ জুন তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর মৃত্যুর পরপরই দীর্ঘদিনের কর্মস্থল নগর ভবনের সামনের ওই মোড় ‘কামরান চত্বর’ নামকরণের প্রস্তাব করা হয়েছিল।

নগর চত্বর তুলে নতুন নামকরণ কামরান চত্বর নামফলক স্থাপন করে সেখানে বিক্ষোভ সমাবেশ করে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। সেখানে নগর যুবলীগের সভাপতি আলম খান, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, স্বেচ্ছাসেবক লীগের মহানগর শাখার সাধারণ সম্পাদক দেবাংশু দাস, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল আলীম, যুবলীগের জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক লীগের এম রশীদ আহমদ, গোলাম হাছান চৌধুরী, এম এইচ ইলিয়াসি, ছাত্রলীগের সাবেক নেতা কামরুল ইসলাম, সঞ্জয় চৌধুরী, সাইফুল আহমদ প্রমুখ বক্তব্য দেন।

সিলেট নগরের কেন্দ্রস্থলে ‘নগর চত্বর’ নামফলক স্থাপন করে স্থাপত্যটির উদ্বোধন করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। রোববার সন্ধ্যায়। ছবি: প্রথম আলো
সিলেট নগরের কেন্দ্রস্থলে ‘নগর চত্বর’ নামফলক স্থাপন করে স্থাপত্যটির উদ্বোধন করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। রোববার সন্ধ্যায়। ছবি: প্রথম আলো

মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার প্রথম আলোকে বলেন, ‘নগরীর কেন্দ্রস্থলের মোড়ের নামকরণ কামরানের নামে করার প্রস্তাব দেওয়ার পর মেয়র আরিফুল হক চৌধুরী তখন জানিয়েছিলেন, বিষয়টি নিয়ে সিটি করপোরেশনের পরিষদে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এ অবস্থার মধ্যে রাতারাতি মোড়টির নামকরণ নগর চত্বর করে সন্ধ্যায় তড়িঘড়ি করে উদ্বোধন করায় আমরা ক্ষুব্ধ হয়ে প্রস্তাবিত নামকরণ সেখানে সাঁটিয়েছি।’

জানতে চাইলে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এভাবে গায়ের জোরে নামকরণ করা একটি অনুচিত কাজ হয়েছে।’ কামরান চত্বর নামকরণ প্রস্তাব সম্পর্কে মেয়র বলেন, স্থানটি নগর ভবনের সামনে। সিটি পয়েন্ট বলে ডাকা হয়। প্রচলিত নামের বাংলা শব্দ নগর চত্বর ফলক করে স্থাপন করা হয়েছিল। স্থানটি কামরান চত্বর হোক, শুধু এই প্রস্তাবই ছিল না। আওয়ামী লীগের প্রয়াত নেতা দেওয়ান ফরিদ গাজী, সুরঞ্জিত সেনগুপ্ত ও ইফতেখার হোসেন শামীমের নামে মোড়ের নামকরণ করার প্রস্তাব ছিল। আবার বিএনপি থেকে প্রস্তাব ছিল প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের নামে চত্বরের নামকরণ করার। এসব প্রস্তাব বিবেচনার মধ্যে রেখে পুরোনো নামেই নতুন নামফলকটি বসানো হয়েছিল।