'নারীরা ব্রিটিশ আমল থেকেই আন্দোলনে সম্পৃক্ত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতির মুক্তি ও জাতীয়তাবাদের আন্দোলনে নারীরা সেই ব্রিটিশ আমল থেকেই সম্পৃক্ত ছিলেন। তাঁরাও যুদ্ধ করেছেন। বিপ্লবী নারীদের পথ ধরেই এসেছে নারীমুক্তি আন্দোলন। শরীফ শমশির রচিত কল্পনা দত্ত: এক অগ্নিকন্যার বিপ্লবী জীবন ও সময় প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বইটির প্রকাশনা উৎসবের আয়োজন করে সমাজ অধ্যয়ন কেন্দ্র চট্টগ্রাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেন। বইয়ের ওপর আলোচনা করেন শহীদজায়া মুশতারী শফী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মইনুল ইসলাম, লেখক আলম খোরশেদ ও কবি ফিরোজ আহম্মদ। এ ছাড়া বক্তব্য দেন লেখক শরীফ শমশির।

মুশতারী শফী বলেন, এ দেশের মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা দেখানো হয় কেবল ধর্ষণের শিকার হিসেবে। আজকের সমাজব্যবস্থায় এখনো নারীদের পিছিয়ে রাখার চেষ্টা চলছে। কিন্তু নারীরা সেই ঐতিহাসিক কাল থেকেই সমাজে সক্রিয় ভূমিকা রেখে গেছেন। কল্পনা দত্তও তেমন একজন নারী, যিনি ব্রিটিশদের বিরুদ্ধে অসম সাহস নিয়ে লড়াই করেছিলেন।

অনুপম সেন বলেন, লেখক এই গ্রন্থে একটি সময়কে ধারণ করেছেন। সেই ব্রিটিশ শাসনামলে কতজন নারী ডা. খাস্তগীর স্কুল কিংবা বেথুন কলেজে পড়তেন? অথচ ওই সময়ে কল্পনা দত্ত, প্রীতিলতারা মাস্টারদার হাত ধরে বিপ্লবে দীক্ষিত হয়েছিলেন। নারীরাও যে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারেন, সেটি ওই সময়ে কল্পনা করা যেত না। চট্টগ্রামের যুব বিদ্রোহ ভারতকে কাঁপিয়ে দিয়েছিল।

কল্পনা দত্তের জীবনের নানা দিক বিশ্লেষণ করে মইনুল ইসলাম বলেন, ‘ব্রিটিশবিরোধী আন্দোলনের পর কল্পনা দত্ত তখন কিংবদন্তি। কিন্তু ১৯৪৬ সালে নির্বাচনে তিনি হেরে যান। ভোটের রাজনীতিতে আমরা তখনো যোগ্যতার মূল্যায়ন করতে পারিনি, এখনো মূল্যায়ন করতে শিখিনি। আর কল্পনা দত্তকে সম্মান জানাতে ২০১২ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। শেখ হাসিনা সরকার গঠনের পর মূল্যায়ন করা গেছে।’ তিনি বলেন, ভোটের রাজনীতির জন্য আওয়ামী লীগ হেফাজতের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে। যদিও হেফাজতের ভোট আওয়ামী লীগে পড়বে না কোনো দিন।

শরীফ শমশির বলেন, ‘কল্পনা দত্তকে স্মরণ করে উপকৃত হব আমরা।’

সমাজ অধ্যয়ন কেন্দ্রের সদস্য সামশুদ্দিন সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইনজীবী আবু হানিফ। আবৃত্তি করেন রাশেদ হাসান ও অঞ্চল চৌধুরী। শুরুতে গণসংগীত পরিবেশন করে উদীচী শিল্পীগোষ্ঠী।