'নিরাপত্তার কড়াকড়ি'তে সন্ধ্যার আগেই শহর ফাঁকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় পুলিশের ‘নিরাপত্তার কড়াকড়ি’তে বর্ষবরণ উৎসবে শঙ্কা, উদ্বেগ ও উৎকণ্ঠায় শহর ছিল ফাঁকা-সুনসান। গতকাল শুক্রবার সকালে মঙ্গল শোভাযাত্রা ও এডওয়ার্ড পার্কে বৈশাখী মেলায় লোক সমাগম ছিল খুবই কম। তবে বিকেলে বর্ষবরণ উৎসবে মানুষের ঢল নামলেও দিনের আলো থাকতেই পুলিশ উৎসব বন্ধ করে দেয়।

কয়েকজন দর্শনার্থী অভিযোগ করে বলেন, সকাল থেকেই পুলিশ শহরের সাতমাথা থেকে পার্করোড, ঘোড়াপট্টি সড়ক ও সেউজগাড়ি পানির ট্যাংকির সড়কসহ কিছু সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এ ছাড়া বৈশাখী মেলা বসা এডওয়ার্ড পার্কের দক্ষিণ গেট কার্যত ছিল বন্ধ। পরে পকেট গেট খুলে তল্লাশি করে দর্শনার্থীদের মেলায় ঢুকতে দেওয়া হয়। এ কারণে দুপুর পর্যন্ত তেমন লোক ছিল না। সাতমাথা ট্রাফিক পুলিশ বক্সসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয় ভিডিও ক্যামেরা। দিনের আলো থাকতেই পুলিশ শহরের সবগুলো স্থানে উৎসব বন্ধ করে দেয়। এডওয়ার্ড পার্কে বসা বৈশাখী মেলা চত্বর থেকে দর্শকদের বের করে দেয়।

এবারও বগুড়ায় পাঁচ দিনব্যাপী বর্ষবরণ উৎসবের আয়োজন করে বগুড়া থিয়েটার। সকালে মঙ্গলপাঠ ও শোভাযাত্রার মধ্য দিয়ে বর্ষবরণ উৎসব শুরু হয়। এটিএন বাংলা উৎসব সরাসরি সম্প্রচার করে। জিলা স্কুল মাঠ থেকে বের হওয়া মঙ্গলযাত্রায় জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন ও পুলিশ সুপার মো. আসাদুজ্জামান নেতৃত্ব দেন। জেলা প্রশাসন ছাড়াও বগুড়া আর্ট কলেজ, সংশপ্তক থিয়েটার, বগুড়া থিয়েটার, সরকারি আজিজুল হক কলেজ, দিনবদলের মঞ্চ মঙ্গল শোভাযাত্রা, পান্তা উৎসব ও বর্ষবরণ উৎসবের আয়োজন করে।

এডওয়ার্ড পার্কের ওস্তাদ আলাউদ্দিন মুক্তমঞ্চ থেকে উৎসব সরাসরি সম্প্রচার করা হয়। মেলার উদ্বোধন করেন দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক। এখানে উৎসবে যোগ দেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।