'পাঠকের সামনে পৃথিবীকে তুলে ধরে বই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমা প্রকাশন ও বেঙ্গল পাবলিকেশন্‌সের যৌথ উদ্যোগে গতকাল শনিবার বিকেলে শুরু হয়েছে চট্টগ্রাম বইমেলা। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে সাত দিনব্যাপী আয়োজিত এ বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে লেখক, সংস্কৃতিকর্মী ও পাঠকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা বলেন, মনের অন্ধকার দূর করে মানুষকে আলোর দিকে নিয়ে যায় বই। পাঠকের সামনে পৃথিবীকে তুলে ধরে বই। বইয়ের একমাত্র বিকল্প বই।

অনুষ্ঠানে গবেষক ও অধ্যাপক ভূঁইয়া ইকবাল বলেন, বইয়ের বিপণন ও প্রচারের সুব্যবস্থা করা গেলে নতুন পাঠক তৈরিতে তা সহায়তা করবে। প্রকাশনা শিল্পের দুরবস্থার মধ্যেও যে কটি প্রকাশনা সংস্থা বইকে সহজে পাঠকের কাছে পৌঁছে দিচ্ছে, তাদের মধ্যে প্রথমা প্রকাশন অন্যতম।

কথাসাহিত্যিক হরিশংকর জলদাস বলেন, বইকে পাঠকের আরও কাছে আনার জন্য প্রতিবছর বইমেলার আয়োজন করছে প্রথমা প্রকাশন। এবার বেঙ্গল পাবলিকেশন্‌স এর সঙ্গে যুক্ত হওয়ায় মেলায় বইয়ের সম্ভার বেড়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক নাসিমা আখতার ও চট্টগ্রাম কলেজের শিক্ষক মুজিব রাহমান। উপস্থিত ছিলেন শিল্পী শান্তনু বিশ্বাস, গল্পকার বাদল সৈয়দ, লেখক সাখাওয়াৎ হোসেন, মহি মুহাম্মদ, নাট্যশিল্পী শুভ্রা বিশ্বাস, শিল্পী সুব্রত বড়ুয়া, ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী, শিক্ষক জাহান আরা হোসাইন প্রমুখ।

বইমেলা প্রতিদিন বেলা দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে। শুক্রবার বেলা ১১টায় মেলা শুরু হবে। মেলায় ৩০ থেকে ৬০ শতাংশ কমিশনে প্রথমা প্রকাশনের বই এবং ২৫ থেকে ৫০ শতাংশ কমিশনে বেঙ্গল পাবলিকেশন্‌সের বই কিনতে পারবেন পাঠকেরা। ২৫ শতাংশ কমিশনে বিক্রি হবে দেশের অন্যান্য প্রকাশনীর বই। ভারতীয় বই বিক্রি হবে ১ রুপি সমান ১.৫ থেকে ১.৮ টাকায়। ২১ এপ্রিল পর্যন্ত মেলা চলবে।