'বন্দিজীবন থেকে মুক্তির স্বাদ পাছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘খাঁচার বন্দিজীবন থেকে মুক্তির স্বাদ পাছি। এখন হামরা বাংলাদেশি।’ বলছিলেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার অভ্যন্তরে থাকা বাগডোগড়া ছিটমহলের বাসিন্দা সফিয়ার রহমান (৬০)। ভারতের লোকসভায় স্থলসীমান্ত চুক্তি পাস হওয়ার খবরে উচ্ছ্বসিত ছিটমহলের বাসিন্দাদের প্রতিক্রিয়া এখন এমনই।
ছিটমহলের মানুষের প্রত্যাশা, এখন সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান হবে, রাস্তাঘাটের সংস্কার হবে, বিদ্যুৎ-সংযোগ দেওয়া হবে। সরকারের সব সুযোগ-সুবিধা পাওয়া যাবে। তবে ভূমি নিয়ে একটা দুশ্চিন্তা আছে তাঁদের। এখন কীভাবে তাঁরা ভূমির মালিক হবেন?
গতকাল রোববার সরেজমিনে পাটগ্রামের ছয়টি ছিটমহলে গিয়ে কথা হয় বাসিন্দাদের সঙ্গে। অনেকেই জানালেন আনন্দের নানা কথা। জমির মালিকানা নিয়ে তাঁদের দুশ্চিন্তা থাকলেও বাংলাদেশের নাগরিকত্ব পাবেন বলে খুশি। জামালদা উছুল পুকুরি ছিটমহলের বাসিন্দা মো. রশিদুল (৪৫) বলেন, ‘বাহে, হামরা ছিটের মানুষ ছিনো। স্কুলোত ছোয়া-পোয়া (ছেলেমেয়ে) পড়েবার জন্য ভর্তি করিবার নিয়া গেলে ভর্তি করি নিবার চাইত না (নিত না)। ছিটের কথা বললে হাসপাতালে চিকিৎসা দিবার চাইত না। থানাত গেলে মামলাও নিত না। চেয়ারম্যানের কাছোত গেলে কোনো কিছু সাহায্যও পাওয়া যাইত না। এলা তো সবটে যাবার পামো। হামার আর কোনো চিন্তা থাকিল না। এলা হামরা স্বাধীন।’
লতামারী ছিটমহলের সেরাজ উদ্দিন (৭২) বলেন, ‘কাঁটাতারের বেড়া নির্মাণের পর গেট পাস নিয়ে আমরা বিএসএফের অনুমতি সাপেক্ষে জমি রেজিস্ট্রি করতাম। কিন্তু ২০০৩ সালের পর থেকে এই সুযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এলা হামার চিন্তা নাই।’
বাঁশকাটা ছিটমহলের বাসিন্দা স্কুলশিক্ষার্থী অলিয়া ও আমেনা বলে, ‘এখন আমরা স্বাধীন, স্বাধীন নাগরিক হিসেবে বেঁচে থাকতে পারব। এত দিন মিথ্যা পরিচয় দিয়ে স্কুল-কলেজে ভর্তি হয়েছি। এখন সেটা করতে হবে না।’