নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরপার্বতী ইউনিয়ন যুবলীগের নেতা মো. ইউছুফ হত্যা মামলার প্রধান আসামি আবুল কালাম ওরফে আজাদ (৩০) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শনিবার ভোর সাড়ে চারটার দিকে ইউনিয়নের কেন্দ্রাতলী এলাকার একটি ইটভাটায় এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, গুলিবিদ্ধ আজাদ চরপার্বতী ইউনিয়নের চৌধুরীরহাট এলাকার। তাঁর বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও অস্ত্র মামলা রয়েছে। গুলিতে আহত আজাদকে গতকাল সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ছাইফুদ্দিন, কনস্টেবল মো. হুমায়ুন ও জয়নাল আবদিন সামান্য আহত হয়েছেন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ জানায়, ৪ আগস্ট গুলি করে হত্যা করা হয় ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউছুফকে। এ ঘটনায় করা মামলায় আজাদ ও তাঁর ভাই ইয়াছিন আসামি।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, গুলিতে আজাদের ডান পায়ের প্রধান রক্তনালি ছিঁড়ে গেছে।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলামের ভাষ্য, আজাদকে গত শুক্রবার রাত নয়টার দিকে চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে কোম্পানীগঞ্জ থানায় এনে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে অস্ত্র থাকার কথা স্বীকার করেন তিনি। ভোর চারটার দিকে আজাদকে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযানে যায় পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আজাদকে নিয়ে পুলিশের দলটি ইটভাটায় যেতেই তাঁর (আজাদের) আরেক ভাই ইয়াছিনের নেতৃত্বে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দুপক্ষের মধ্যে গোলাগুলি চলাকালে পালিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীদের গুলিতে আজাদ গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি ও দুটি ছোরা উদ্ধার করা হয়েছে।