'বসে থাকতে থাকতে আর ভালো লাগে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
ফাইল ছবি

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী হাসিব আহমেদ কয়েক মাস ধরে বাসায় আছেন। এ বছর তাঁর উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু করোনা প্রাদুর্ভাবের কারণে পরীক্ষা হয়নি। পরীক্ষার আগে এভাবে বড় ছেদ পড়ায় তাঁর পড়াশোনার গতি হারিয়ে গেছে। নিতে পারছেন না বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতিও। হাসিব বলেন, ‘দ্রুত পরীক্ষা দিতে চাই। বাসায় বসে থাকতে আর ভালো লাগে না।’

হাসিবের মতো অবস্থা অনেকের। কুমিল্লা জেলার ২৫ জন এইচএসসি পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের সঙ্গে এক সপ্তাহ ধরে কথা বলে জানা যায় তাঁদের এ মনোভাব। শিক্ষার্থীরা দ্রুত পরীক্ষায় অংশ নিতে চান।

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৩৯৬টি কলেজের ১ লাখ ১ হাজার ৮৬৫ জন পরীক্ষা দেওয়ার জন্য নাম নিবন্ধন করেছেন। গত ১ এপ্রিল ওই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। করোনাভাইরাস সংক্রমণের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ওই পরীক্ষা স্থগিত করা হয়। এরপর থেকে পরীক্ষার্থীরা নিজ নিজ বাসায় আছেন। পরীক্ষা নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়াশোনা কমিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। কেউ কেউ প্রযুক্তির দিকে আসক্ত হয়ে পড়েছেন।

হাসিবের বাবা কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, ঈদের পর স্বাস্থ্যবিধি মেনে উপজেলাভিত্তিক কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে প্রতি বেঞ্চে একজন করে বসিয়ে পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা করা যেতে পারে।

কুমিল্লা ক্যাডেট কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী সাদমান ইসলাম বাসায় আছেন। পড়াশোনার ফাঁকে ফাঁকে মুঠোফোন নিয়ে ব্যস্ত থাকেন তিনি। পরীক্ষা নিয়ে উত্কণ্ঠায় আছেন।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের পরীক্ষার্থী চিত্রলেখা সরকার জানান, ‘এইচএসসি পরীক্ষার পড়া পড়ছি। একই সঙ্গে অনলাইনে ইঞ্জিনিয়ারিং ভর্তি কোচিং করছি। বাসায় বসে থেকে একঘেয়েমি লাগছে।’

কুমিল্লা সরকারি মহিলা কলেজের পরীক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, পরীক্ষার জন্য মানসিক অস্থিরতা রয়েছে। কবে পরীক্ষা হবে? এরপর ভর্তি পরীক্ষার পড়া। সব মিলিয়ে একটা খারাপ সময় যাচ্ছে।

নগরের মোগলটুলি এলাকার বাসিন্দা এক ছাত্রীর অভিভাবক শেখ ফরিদ বলেন, ‘মেয়ের পরীক্ষা নিয়ে উত্কণ্ঠায় আছি। পরীক্ষাটা শেষ হলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে পারত।’

কুমিল্লা সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও বেগম রোকেয়া পদকপ্রাপ্ত অধ্যাপক জোহরা আনিস বলেন, পরীক্ষা নিয়ে এই বয়সের ছেলেমেয়েদের মধ্যে মানসিক সমস্যা দেখা দিতে পারে। এ ক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা রাখতে হবে। তাঁদের প্রতি সহনশীল হতে হবে। কোনো কিছুর জন্য চাপাচাপি করা যাবে না।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আবদুস ছালাম বলেন, পরীক্ষা নেওয়ার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। শিক্ষা মন্ত্রণালয় যেদিন তারিখ ঘোষণা করবে, সেদিন থেকে পরীক্ষা হবে।