'বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া গুনছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদে ঘরমুখী যাত্রীদের চাপ দেখা গেছে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে। ছবিটি আজ রোববার সকালে তোলা। ছবি: প্রথম আলো
ঈদে ঘরমুখী যাত্রীদের চাপ দেখা গেছে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে। ছবিটি আজ রোববার সকালে তোলা। ছবি: প্রথম আলো

মাদারীপুরের কাঁঠালবাড়ি বাস টার্মিনাল থেকে বরিশাল যাচ্ছেন আবদুর রহমান। বললেন, ‘ঘাট থেকে বরিশালের ভাড়া ২০০ টাকা; এখন দিতে হচ্ছে ৭০০ টাকা। তারপরও একটা কভার সিট। যদিও যাত্রাটা কষ্টের, তবু ঈদ পরিবারের সবার সঙ্গে কাটাব, এটাই আনন্দ।’

শিমুলিয়া ঘাট থেকে লঞ্চে আসা যাত্রী এনামুল কবির বলেন, ‘লঞ্চে ৩৩ টাকার পরিবর্তে ৫০ টাকা করে নিচ্ছে। আমরা বাধ্য হয়েই এই অতিরিক্ত ভাড়া গুনছি। কী করব, বাসার সবার সঙ্গে ঈদের আনন্দ করব, তাই অতিরিক্ত ভাড়া দিচ্ছি।’

আজ রোববারেও ঈদে ঘরমুখী যাত্রীদের চাপ দেখা গেছে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে। ভোর থেকেই যাত্রীদের বাড়তি চাপ ছিল লঞ্চ, স্পিডবোটে। পরিবহনের চাপও ছিল ফেরিতে।

সরেজমিনে দেখা গেছে, প্রতিটি লঞ্চ ও স্পিডবোটে ধারণক্ষমতার বাইরে আজও অতিরিক্ত যাত্রী যাচ্ছে। এই সুযোগে বাড়তি ভাড়া আদায় চলছে। এ ছাড়া দূরপাল্লার পরিবহনগুলোতেও একই চিত্র। ভেতরে জায়গা না পেয়ে অনেকেই বাসের ছাদে চড়ে রওনা দিয়েছেন।

অতিরিক্ত যানবাহনের চাপে কাঁঠালবাড়ি এলাকায় দীর্ঘ গাড়ির সারি দেখা গেছে। পরিস্থিতি মোকাবিলা করতে নজরদারি বাড়িয়ে ভ্রাম্যমাণ আদালতের একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে ঈদ উপলক্ষে এই নৌরুটে ট্রাক পারাপার বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ।

ঈদে ঘরমুখী যাত্রীদের চাপ দেখা গেছে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে। ছবিটি আজ রোববার সকালে তোলা। ছবি: প্রথম আলো
ঈদে ঘরমুখী যাত্রীদের চাপ দেখা গেছে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে। ছবিটি আজ রোববার সকালে তোলা। ছবি: প্রথম আলো

খুলনা শহরের পাবলা এলাকার বাসিন্দা যাত্রী মিনাল হক বলেন, বাসে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে। বাসের ছাদেও অতিরিক্ত যাত্রী নিয়ে গন্তব্যে যাচ্ছে। প্রশাসনের গুরুত্ব দেওয়া উচিত।

স্পিডবোটের যাত্রী কামাল হোসেন বলেন, ‘এই নৌরুটে আমি নিয়মিত স্পিডবোটে চলাচল করি। স্বাভাবিক সময়ে ১২০ টাকা ভাড়া। ঈদ উপলক্ষে নেওয়া হচ্ছে ১৫০ টাকা। এ ছাড়া যাত্রীদের নিরাপত্তার জন্য প্রতিটি স্পিডবোটে লাইফ জ্যাকেট দেওয়ার কথা থাকলেও কেউ এই নিয়ম মানছে না।’

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্লা বলেন, কাঁঠালবাড়ি ঘাটের পাশাপাশি লঞ্চের জন্য আলাদাভাবে চালু রাখা হয়েছে কাওড়াকান্দি ঘাট। এই নৌরুটে ১৯টি ফেরি, ৮৭টি লঞ্চ ও ১০০টিরও বেশি স্পিডবোট চলাচল করে। ঈদে যাত্রীদের নিরাপত্তায় সিসি টিভি ক্যামেরার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিন শতাধিক সদস্য মোতায়েন রয়েছেন।