'বুঝতে সময় লাগছে, তবে পদ্ধতি ভালো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সোমবার সকাল আটটা। সিলেট সিটির আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের একটি পুরুষ ভোট কক্ষের সারিতে প্রথমে দাঁড়িয়ে আছেন ব্যবসায়ী শহীদুল ইসলাম। তিনি ভোট কক্ষে গেলেন। আঙুলের ছাপ দিয়ে গোপন কক্ষে ঢুকলেন। ভোট দিয়ে বের হয়ে এলেন। পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে এক মিনিটেরও কম সময় লাগল।

ভোটকেন্দ্র থেকে বের হয়ে এসে শহীদুলের প্রতিক্রিয়া, ‘নির্বাচন কমিশন থেকে ইভিএমে ভোট দেওয়া বিষয়ে প্রশিক্ষণ নিয়েছিলাম। তাই ভোট দেওয়া সহজ হইছে। আমি সিলেটে ইভিএম পদ্ধতির প্রথম ভোটার। তাই খুবই আনন্দ লাগছে।’
আরেকটি কেন্দ্রে একটি ভোট কক্ষ থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিয়ে এলেন লায়লা খানম। বয়োবৃদ্ধ লায়লা বললেন, ‘বুঝতে সময় লাগছে। তবে পদ্ধতিটা ভালো।’
তবে মোমেনা বেগম নামে এক নারী তিনবারের চেষ্টায় ভোট দিতে পারলেন না। পরে অবশ্য পোলিং কর্মকর্তারা তাঁকে বুঝিয়ে দিলে ভোট দেন। তিনি অনুযোগের সঙ্গে বললেন, ‘আমরা অশিক্ষিত মানুষ, পড়ালেখা নাই। বুঝতে অনেক সময় লাগছে। আগের সিস্টেমটাই ভালো ছিল।’ শওকত খান (৭০) নামে হাউজিং এস্টেট এলাকার আরেকজন বললেন, ‘আমরা বয়স্ক মানুষ। প্রতীক দিছে ছোট ছোট। দেখা যাচ্ছিল না, অনেক কষ্টে ভোট দিছি।’
তবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চৌধুরী মোহাম্মদ লুৎফুর রহমান ভোট দিয়ে এসে এ প্রতিবেদককে জানালেন, ‘পদ্ধতিটা অনেক ভালো। ভোটের পরিবেশও বেশ ভালো।’ তবে একটু সংশয় নিয়ে বলেন, ‘অনেকক্ষণ পর্যন্ত ভোটটি গোপন কক্ষে দেখা যাচ্ছিল। বাইরে দেখা গেল কি না।’
অপেক্ষাকৃত শিক্ষিত মানুষের কাছে আগের পদ্ধতির চেয়ে ইভিএম পদ্ধতিই বেশি পছন্দ হয়েছে। হাউজিং এস্টেট এলাকার আফরোজা বেগম ও সাবিনা ইয়াসমিন সমস্বরে বললেন, ‘আমাদের কাছে ইভিএমে ভোট খুব ভালো লেগেছে। আগের পদ্ধতির চেয়ে অনেক সহজ। এ পদ্ধতিতে ভোট দিতে পেরে আমরা খুশি।’
সকাল আটটা থেকে নয়টা ও সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা এ দুই ঘণ্টা ইভিএমে ভোট দেওয়া পর্যবেক্ষণ করেছেন এ প্রতিবেদক। ইভিএমে ভোট দেওয়া পদ্ধতি নতুন হওয়ায় বেশির ভাগ ভোটার প্রথমবারের চেষ্টায় ভোট দিতে পারেননি। তবে অপেক্ষাকৃত শিক্ষিত জনগোষ্ঠীর লোকজন প্রথম চেষ্টায় ভোট দিতে পেরেছেন। নতুন পদ্ধতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়াই পাওয়া গেছে।