
চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার পশ্চিম হারালা গ্রামের মুছা তালুকদারের বাড়িতে গতকাল বুধবার দুপুরে নির্বাচনী প্রচারণা চালাতে যান সংরক্ষিত-১ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর পদপ্রার্থী খোরশেদা বেগম। বাড়ির আঙিনায় তখন কাজে ব্যস্ত তিন নারী। খোরশেদা বেগম নিজেকে নারী কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে পরিচয় দিতেই তাঁরা বলে উঠলেন, ‘ভোট আইলে তঁরারে দেহি, ভোট গেইলেগোই তঁরারে আর ন ফাই।’ (ভোট এলে তোমাদের দেখা যায়, ভোট চলে গেলে আর তোমাদের দেখা পাওয়া যায় না।)
পৌরসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনেই গতকাল মেয়র, সাধারণ কাউন্সিলর ও নারী কাউন্সিলর পদপ্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ শুরু করেছেন। তাঁদের অনেককেই খোরশেদা বেগমের মতো বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। বেশির ভাগ ভোটারের অভিযোগ, নির্বাচন শেষে প্রার্থীরা আর ভোটারদের খবর রাখেন না।
মুছা তালুকদারের বাড়িতে ওই নারী প্রার্থী যাঁদের কাছে ভোট চেয়েছিলেন, তাঁদের একজন গৃহবধূ ছেনোয়ারা বেগম। তিনি প্রথম আলোকে বলেন, ‘ভোট এলে সবাই আসে। ভোট গেলে আর কেউ খবরও নেয় না। গত বর্ষায় বন্যায় ঘরের ভেতর হাঁটুপানি হয়। কিন্তু কোনো মেয়র, কাউন্সিলর আসেননি।’
গত বর্ষায় চন্দনাইশ পৌর এলাকার প্রায় দুই-তৃতীয়াংশ এলাকা আকস্মিক বন্যায় হাঁটু থেকে কোমরপানিতে চার-পাঁচ দিনের জন্য তলিয়ে যায়। বসতবাড়ি ডুবে যায়। ফসলেরও ব্যাপক ক্ষতি হয়।
বন্যার সময় ভোটারদের কাছে যাননি—এমন অভিযোগের বিষয়ে খোরশেদা বেগম বলেন, ‘যে যত কিছু বলুক, এখানে আমিই নির্বাচিত হব।’ তিনি গতবারও কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। এই ওয়ার্ডে খোরশেদা বেগমের প্রতিদ্বন্দ্বী বেবি আকতার।
কথা হয় পশ্চিম হারালার ফারুক আহমেদের (৬৯) সঙ্গে। ভোট কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের এখানে ভোট সুষ্ঠু হবে। ভোট দিতেও যাব। তবে নির্বাচিত হলে দু-একজন ব্যতিক্রম ছাড়া আর কাউকে আমরা পাই না।’ গত বন্যার পর পৌর মেয়র মোহাম্মদ আইয়ুব তাঁদের গ্রামে আসেননি বলে তিনি অভিযোগ করেন। তবে কাউন্সিলর মো. হেলাল ত্রাণ দিয়েছেন বলে তিনি জানান।
সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান নারী কাউন্সিলর জাহানারা বেগম এবারও প্রার্থী হয়েছেন। তিনি গতকাল গাছবাড়িয়ায় জিনাত আলী মুন্সির বাড়িতে গণসংযোগ করেছেন। এটা তাঁর নিজের এলাকা। এক নারী ভোটার তাঁকে উদ্দেশ করে বলেন, ‘আফা এন্ডে আর আইয়ুন ফইত্ত ন। অন্য জাগাত বেশি বেশি যন।’ (আপা এখানে আর আসতে হবে না। অন্যান্য এলাকায় বেশি বেশি যেতে থাকেন)
একই ওয়ার্ডের গাছবাড়িয়া চৌধুরীবাড়ির ভোটার সাইব উদ্দিন ফারুকী অভিযোগ করেন, ‘আমাদের মেয়র কিংবা কাউন্সিলরদের ভোটের পর আমরা তেমন পাইনি। ভোট শেষ হলেই তাঁরা কোথায় যেন হারিয়ে যান।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে জাহানারা বেগম বলেন, ভোটারদের সঙ্গে তাঁর যোগাযোগ আছে। তাঁদের সুখ-দুঃখে তিনি পাশে থাকেন বলে দাবি করেন। তাঁর প্রতিদ্বন্দ্বী হাসনা আরা বেগমও গতকাল গণসংযোগ করেছেন। তিনি গাছবাড়িয়ার খানহাট এলাকার ব্যবসায়ীদের কাছে ভোট চান। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, নতুন নতুন সবাই অনেক কথা বলে যান। কিন্তু নির্বাচিত হলে সব ভুলে যান।
মেয়র পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী মোহাম্মদ আইয়ুব, আওয়ামী লীগের প্রার্থী মাহবুবুল আলম ও স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিন গতকাল বিকেলে গণসংযোগ করেছেন বিভিন্ন এলাকায়। সাধারণ কাউন্সিলর পদপ্রার্থীরাও ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন।
মোহাম্মদ আইয়ুব চন্দনাইশ পৌরসভার বর্তমান মেয়র। এবারও তিনি এলডিপি থেকে প্রার্থী হয়েছেন। ভোটারদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘এসব অভিযোগ ঠিক না। গণসংযোগ করছি। ভোটারদের সাড়া পাচ্ছি।’
আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মাহবুবুল আলম বলেন, যোগ্য প্রার্থী না থাকায় মানুষ এর আগে এলডিপির প্রার্থীকে ভোট দিয়েছেন। চন্দনাইশে অলি আহমদের ইমেজের কারণে মোহাম্মদ আইয়ুব মেয়র নির্বাচিত হয়েছেন। কিন্তু এবার আর এমন ঘটনা ঘটবে না। মানুষ যোগ্যপ্রার্থীকেই মেয়র নির্বাচিত করবেন।
চন্দনাইশ পৌরসভায় মেয়র ছাড়াও তিনটি সংরক্ষিত নারী ওয়ার্ড ও নয়টি সাধারণ ওয়ার্ডে নির্বাচন হবে। সংরক্ষিত ওয়ার্ড-২-এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন খোরশেদা বেগম। মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ৪২ জন এবং সংরক্ষিত দুটি ওয়ার্ডে চারজন প্রতিদ্বন্দ্বী রয়েছেন এখনো। ১৩ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এই পৌরসভার মোট ভোটার ২৬ হাজার ৭১৩ জন।
চন্দনাইশ পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীদা শরমিন বলেন, প্রতীক বরাদ্দ না হলেও প্রার্থীদের প্রচারণায় এখন কোনো বাধা নেই।