'ভোটাধিকার পুনরুদ্ধার করতে রাজনৈতিক মতৈক্য প্রয়োজন'
‘গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার করতে এই মুহূর্তে রাজনৈতিক মতৈক্য প্রতিষ্ঠা বেশি প্রয়োজন। দেশের বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করলে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। নইলে দেশে স্বৈরশাসন আরও দীর্ঘায়িত হবে।’
গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এ কথা বলেন। ভাসানী অনুসারী পরিষদ নামের একটি সংগঠন এই আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভাসানী পরিষদের চট্টগ্রাম জেলার সভাপতি কবির চৌধুরী। আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া, বিএনপির নেতা জাহাংগীর আলম চৌধুরী, এম এ সবুর, আবদুস সাত্তার প্রমুখ।
আবদুল্লাহ আল নোমান আরও বলেন, ‘মাওলানা ভাসানী ও জিয়ার দেশপ্রেম, আদর্শ ও উদ্দেশ্য ছিল এক ও অভিন্ন। ভাসানী স্বায়ত্তশাসন, স্বাধিকার ও মুক্তিযুদ্ধের মূল চেতনাকে ধারণ করে জনগণের অর্থনৈতিক মুক্তি এবং গণতন্ত্র যাতে চিরস্থায়ী হয় সে জন্য মাঠে-ময়দানে আন্দোলন করেছেন।’ তিনি আরও বলেন, এখন দেশে ভোটাধিকার, গণতন্ত্র ও মৌলিক অধিকার নেই। বেগম খালেদা জিয়া নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে যে প্রস্তাব দিয়েছেন তার আলোকে জাতীয় ঐক্য গড়ে তুলে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।