'মাটির নিচে লবণ, খাবার পানি নাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটন শহর কক্সবাজারে ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনক হারে নিচে নেমে যাচ্ছে। ফলে শহরের তিন লাখ মানুষ সুপেয় পানিসংকটে পড়ছে। এ সমস্যা সমাধানে দ্রুত বাঁকখালী নদী খনন, সৈকত এলাকায় বহুতল ভবন নির্মাণ বন্ধ, বনাঞ্চল ও পাহাড় কাটা বন্ধ করা জরুরি। 
গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলনকক্ষে ‘মাটির নিচে লবণ-পানি, কক্সবাজার পৌরবাসী খাবার পানি চায়’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। স্থানীয় দৈনিক বাঁকখালী ও ভয়েস মেরিনা যৌথভাবে এর আয়োজন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাফর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শহরের ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া এবং নলকূপের পানি লবণাক্ত হয়ে পড়ার কারণ তুলে ধরে বক্তব্য দেন স্থানীয় (কক্সবাজার-৩) সাংসদ সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার বাঁচাও আন্দোলনের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, কক্সবাজার সিভিল সোসাইটির সাধারণ সম্পাদক ফজলুল কাদের চৌধুরী, সিনিয়র আইনজীবী মুহাম্মদ জাহাঙ্গীর, হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার, মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ শাহজাহান, শিক্ষাবিদ মো. নাসির উদ্দিন, সাংবাদিক প্রিয়তোষ পাল, বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ সভাপতি দীপক শর্মা, দৈনিক বাঁকখালীর সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী প্রমুখ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আশরাফ আলী সিদ্দিকী।
আশরাফ আলী সিদ্দিকী বলেন, ছয়জনের বিশেষজ্ঞ দল নিয়ে তিনি এ পৌরসভার বিভিন্ন স্থানে গত তিন বছর (২০১০-১৩ সাল) ভূগর্ভস্থ পানির ভবিষ্যৎ নিয়ে গবেষণা করেন। সৈকত তীরের হোটেল মোটেলে অতিথিদের ব্যবহারের জন্য প্রতিদিন গড়ে এক লাখ লিটার পানি উত্তোলন করা হচ্ছে। পৌরসভার প্রায় তিন লাখ মানুষের জন্য দৈনিক উত্তোলিত হচ্ছে আরও আট লাখ লিটার পানি। পাঁচ বছর আগে ১৫০ ফুট নিচে খাবার পানি পাওয়া যেত। এখন ৪০০ থেকে এক হাজার ফুট নিচে গিয়েও পানি পাওয়া যাচ্ছে না।