'মাদকমুক্ত কিশোরগঞ্জ গড়ি' কর্মসূচির উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত ঘোষণার লক্ষ্যে ‘মাদককে না বলি, মাদকমুক্ত কিশোরগঞ্জ গড়ি’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কিশোরগঞ্জ থানা চত্বরে গতকাল রোববার বিকেল চারটার দিকে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন পুলিশ সুপার মো. জাকির হোসেন খান।
জেলা পুলিশের উদ্যোগে কিশোরগঞ্জ থানা-পুলিশের আয়োজনে ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রশীদ। বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, সহকারী পুলিশ (সুপার সৈয়দপুর সার্কেল) মো. জিয়াউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনিছুল ইসলাম, বাহাগিলি ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল মালেক প্রমুখ।
পরে মাদকবিরোধী একটি শোভাযাত্রা উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাদকবিরোধী প্রচারণার ব্যানার, ফেস্টুন টানানো ও লিফলেট বিতরণ করা হয়।
মো. জিয়াউর রহমান বলেন, কিশোরগঞ্জকে শতভাগ মাদকমুক্ত করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাদকবিরোধী সভা, সমাবেশ, লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।