'লম্বা বাহিনীর প্রধান' বেলালের গুলিবিদ্ধ লাশ
কক্সবাজারের চকরিয়া-লামা সড়কের কুমারী সেতু এলাকা থেকে ‘ডাকাত সরদার লম্বা বাহিনীর প্রধান’ বেলাল উদ্দিন ওরফে লম্বা বেলালের (৪০) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, দুই দল ডাকাতের গোলাগুলিতে বেলাল নিহত হন। গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
বেলাল চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকার মোহাম্মদ আলী ওরফে জাফর আলমের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, বেলালের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ধর্ষণ, অপহরণ, মারামারি ও জলদস্যুতার অভিযোগে ১৬টি মামলা রয়েছে। তিনি একটি ডাকাত দলের নেতৃত্ব দিতেন। গতকাল দিবাগত রাতে তাঁর গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে।
পুলিশ জানায়, কুমারী সেতু এলাকায় গোলাগুলির শব্দ শুনে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ ওই এলাকায় গিয়ে দেখে, বেলালের লাশ পড়ে রয়েছে। তাঁর বুক ও পিঠে গুলির চিহ্ন রয়েছে।
কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (এএসপি, চকরিয়া সার্কেল) কাজী মোহাম্মদ মতিউল ইসলাম প্রথম আলোকে বলেন, গোলাগুলির শব্দ শুনে লোকজন পুলিশে খবর দেন। কুমারী ব্রিজ এলাকায় গিয়ে পাহাড়ের ঢালু থেকে বেলালের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
এএসপি মতিউল বলেন, দুই দল ডাকাতের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিরোধের জের ধরে তাদের দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হলে বেলাল উদ্দিন মারা যান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি বখতিয়ার বলেন, ডাকাত বাহিনীর প্রধান বেলাল নিহত ও অস্ত্র উদ্ধারের ঘটনায় দুটি মামলা করা হয়েছে।