'শিক্ষামন্ত্রী শিক্ষাবিপ্লব ঘটিয়েছেন'
‘বর্তমান সরকারের আমলে বাংলাদেশে শিক্ষাবিপ্লব ঘটেছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে বাংলাদেশ শিক্ষা ক্ষেত্রে এগিয়ে গেছে বহুদূর। শিক্ষামন্ত্রী শিক্ষাবিপ্লব ঘটিয়েছেন। বর্তমানে বাংলাদেশ সম্পূর্ণভাবে নিরক্ষরমুক্ত দেশ হওয়ার পথে হাঁটছে। সরকারের আন্তরিকতা ও যুগোপযোগী সিদ্ধান্তের কারণে বিশ্ব দরবারে বাংলাদেশের শিক্ষাবিপ্লব আলোচিত হচ্ছে।’ গতকাল শনিবার সিলেটের দক্ষিণ সুরমা কলেজের অনার্স ও মাস্টার্স প্রথম বর্ষের ওরিয়েন্টশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী এসব কথা বলেন।
বাংলাদেশ দুর্বার গতিতে উন্নয়নের মহাসড়ক দিয়ে এগিয়ে চলেছে, উল্লেখ করে সাংসদ আরও বলেন, ‘দেশের মানুষের গড় আয় বেড়েছে, গড় আয়ু বেড়েছে, শিশুমৃত্যুর হার কমেছে, দারিদ্র্যর হার কমেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন বিশ্বের রোলমডেল।’
কলেজের অধ্যক্ষ শামছুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল হক ভুইয়া, সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, লতিফা-শফি কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খাঁন, আবদুল জব্বার জলিল প্রমুখ।