'সম্পর্কই আমার আগ্রহের কেন্দ্র'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পী শায়লা শারিমন l ছবি: জুয়েল শীল
শিল্পী শায়লা শারিমন l ছবি: জুয়েল শীল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক শায়লা শারমিন অভিনয় ও শিল্পচর্চা—দুটোই চালিয়ে যাচ্ছেন সমানতালে। ২৮ আগস্ট তীর্যক নাট্যদলের ইডিপাস নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। অভিনয় ও শিল্পচর্চার নানা বিষয় নিয়ে প্রথম আলোর মুখোমুখি হন তিনি
প্রথম আলো: ১৯৯৫ সাল থেকেই ইডিপাস নাটকে অভিনয় করছেন। নাটকে অভিনেতা ও নির্দেশক আহমেদ ইকবাল হায়দার ইডিপাস ও আপনি জোকাস্তা চরিত্রে অভিনয় করেন। বাস্তবেও আপনারা দম্পতি। কেমন লাগে বিষয়টা?
শায়লা শারমিন: ইডিপাস ১৯৯৫ সালে যখন মঞ্চে উঠল, তখনো হায়দারের সঙ্গে আমার বিয়ে হয়নি। কিন্তু সম্পর্ক ছিল। তাই নাটকে তাঁর স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে গিয়ে অনেক আবেগ কাজ করত। তবে এখন ইডিপাস চরিত্রটাকে আগের চেয়ে ভালোভাবে বুঝি। বুঝতে পারি, সত্য আবিষ্কারের জন্য ইডিপাস মরিয়া ছিল, কোনো ঝুঁকি নিতে দ্বিধা করেনি।
প্রথম আলো: মঞ্চ আর চারুশিল্প—দুটো মাধ্যমেই কাজ করছেন সমানতালে। কোনটি প্রাধান্য পায়?
শায়লা শারমিন: দুটোই। চারুকলায় অনার্স দ্বিতীয় বর্ষে যখন পড়তাম, তখন থেকেই অভিনয়ও শুরু। অর্থাৎ আমার শিল্পচর্চা ও নাটক পাশাপাশি চলেছে। দুটো মাধ্যমেই আমি সমান সিরিয়াস। তবে যেকোনো এক মাধ্যমে থাকলে হয়তো আরও বেশি কাজ করতে পারতাম।
প্রথম আলো: যদি যেকোনো একটা মাধ্যম বেছে নিতে হয়...
শায়লা শারমিন: অবশ্যই চারুকলা বেছে নেব, কোনো দ্বিধা নেই।
প্রথম আলো: পেইন্টিং, ইনস্টলেশন, ভিডিও আর্ট ও পারফরম্যান্স ইত্যাদি নানা মাধ্যমে কাজ করছেন...
শায়লা শারমিন: আসলে আমি কী ভাবছি, সেটা প্রকাশ করাই উদ্দেশ্য। মাধ্যম কোনটা সেটা বড় কথা নয়।
প্রথম আলো: আপনার শিল্পচর্চার ক্ষেত্রে কোন বিষয়টি প্রাধান্য পায়। কোনো সুনির্দিষ্ট বিষয় বা ভাবনা নিয়ে কাজ করেন?
শায়লা শারমিন: আমি সব সময় সম্পর্ক নিয়ে ভাবি। সেটা মানুষের সঙ্গে মানুষের, মানুষের সঙ্গে প্রকৃতির, ব্যক্তির সঙ্গে সমাজ ও রাষ্ট্রের, বস্তুর সঙ্গে বস্তুর এমন কী রঙের সঙ্গে ক্যানভাসেরও সম্পর্কও হতে পারে। সবটাই আমার আগ্রহের বিষয়।
প্রথম আলো: ভবিষ্যৎ পরিকল্পনা কী?
শায়লা শারমিন: বাংলাদেশের শিল্পকে নৃবিজ্ঞানীর দৃষ্টিতে দেখতে চাই। এ নিয়ে গবেষণা করার ইচ্ছে আছে।
সাক্ষাৎকার: আহমেদ মুনির