'সরকার দিতাছে ঠিকোই, খাইতাছে অন্যরা'
ফাতেমা বললেন, ‘জাগা দেখলি এহন ভয় লাগে। দিনে যাতিও ভয় লাগে। এহন আমার আর থাহার কিচ্চু নাই।’
ছোট্ট রাজ্জুনির মতো এমন ভয়ের অভিজ্ঞতা নিয়ে আছেন রাঙামাটির লোকনাথ মন্দির এলাকার ফাতেমা বেগম। আদি বাড়ি বরিশালে। সাত বছর আগে এখানে এসেছেন। এর আগে অবশ্য কিছুদিন ছিলেন খাগড়াছড়িতে। স্বামী ইব্রাহিম মুনশি রাজমিস্ত্রি। পাঁচ সন্তান তাঁদের। অন্যের বাড়ি কাজ করে, সেলাই মেশিনে কাজ করে, স্বামী ও নিজের সঞ্চয় এবং একই সঙ্গে ঋণ নিয়ে পাহাড়ে পাঁচ শতক জায়গা কিনেছিলেন। সেখানে বাড়িটি করেছিলেন তিন মাস আগে। পাহাড় বেয়ে আসা পানির তোড়ে নিমেষে উধাও বাড়িটি। সেখানে এখন কিছু টিন ছাড়া বাড়ির কোনো চিহ্ন নেই।

ফাতেমার সঙ্গে আজ বুধবার সকালে দেখা হলো রাঙামাটি সরকারি কলেজের আশ্রয়কেন্দ্রে। এখানে আসা বেশির ভাগ পরিবার অবশ্য রূপনগরের বাসিন্দা। সবাই নিম্ন আয়ের মানুষ। এ আশ্রয়কেন্দ্রে তাঁরা দুপুরে খিচুড়ি পান। রাতে ভাতের সঙ্গে থাকে মাছ বা মাংস। সকালে শিশুদের জন্য নাশতা মেলে। কিন্তু বড়দের জন্য কোনো ব্যবস্থা নেই। জরিনা বেগমের তিন ছেলেমেয়ে। বড় দুটির বয়স ১৪ ও ১৫ বছর। ছোটটির ৯। নাশতা পায় শুধু ছোট মেয়েটিই। জরিনা বললেন, ‘দ্যাখেন, ১৪ বছরের বাচ্চাও তো বাচ্চাই। একজন পায় দুজন চাইয়ে থাকে।’
এমন অনুযোগের পাশে বড় অভিযোগ ত্রাণের বণ্টন নিয়ে। প্রতিটি এলাকায় উপদ্রুত মানুষের সহায়তায় কমিটি করা হয়েছে স্থানীয় লোকজনের মধ্য থেকে। এখানে যাঁরা আছেন, তাঁদের অভিযোগ, প্রকৃত ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা পাচ্ছেন না। গতকাল মঙ্গলবার পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে। তবে এখানে সবার অভিযোগ, তাঁরা কেউ পাননি। নার্গিস বেগম বললেন, তাঁদের এলাকায় ইব্রাহিম ও সাকিব নামে দুজন কমিটির হর্তাকর্তা। এঁরা একটি ত্রাণের কার্ড করার জন্যও ২০০ টাকা নিয়েছেন তাঁর কাছে। বললেন, ‘সরকার অনেক কিছু দিতাছে ঠিকোই। যাগোর ÿক্ষতি বেশি হইছে, তারা পাইতাছে না। পয়সা-পানি যারা খাওয়াইতাছে, তারাই পাইতাছে। খাইতাছে অন্যরা।’
আশ্রিত ব্যক্তিদের কাছে থেকে নম্বর নিয়ে মুঠোফোনে কথা বললে হাসিব কোনো অর্থ নেওয়ার কথা অস্বীকার করেন। গতকাল পাঁচ হাজার টাকা করে দেওয়ার কথাও অস্বীকার করেন।
রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী বলেন, ‘এমনভাবে কোনো কমিটি আমরা করিনি। এ ধরনের কোনো অনিয়ম হলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।’